প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমের পরিকল্পনা পর্যায় থেকেই নারীর নিরাপত্তা, চলাচলের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেছেন, "নারী প্রসঙ্গ পরে যুক্ত করার বিষয় নয়। শুরু থেকেই গুরুত্ব দিতে হবে।"
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বাড়াতে সহজলভ্য, নির্ভরযোগ্য এবং বিনা খরচে অর্থায়নের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘নীতিমালা থেকে বাস্তবায়ন: বাংলাদেশে নারীবান্ধব জলবায়ু শাসন ও অর্থায়ন জোরদার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অভিজ্ঞতা, বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিদ্যমান সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
বিশেষভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, বিভিন্ন খাতে জলবায়ু বিষয়ক কার্যক্রম যুক্ত করা এবং নারীবান্ধব জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।
এছাড়া, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু কার্যক্রমে অর্থায়ন ও সহায়তা বাড়াতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
শামা ওবায়েদ বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা সুবিধা রাখতে হবে। তিনি প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার উপরও জোর দেন।
তিনি আরো বলেন, নারীবান্ধব জলবায়ু কার্যক্রম কোনো এককালীন প্রকল্প হওয়া উচিত নয়। বরং পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রতিটি ধাপে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী যোগ করেন, "নারীরা যখন নেতৃত্ব দেন এবং পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ পান, তখন সমাজ আরও বেশি দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়ে ওঠে। ভবিষ্যৎ আরও নিরাপদ হয়।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন