০৯:৩৩ পি.এম
ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন বাংলাদেশ সরকারের সফরে ঢাকায় এসেছেন। এটি বাংলাদেশ ও ভারত সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরাগ জৈন রবিবার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সূত্রে জানা যায়, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈন ঢাকায় এসেছেন। প্রতিনিধি দলটি ঢাকায় একটি হোটেলে অবস্থান করবে। যদিও ভারতীয় প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশ এবং ভারত—কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
এই প্রতিনিধি দলে অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী অন্তর্ভুক্ত রয়েছেন। ঢাকায় আসার আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে পরাগ জৈনের সফরকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচনা বিষয়বস্তু অথবা বাংলাদেশের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন