০৭:৪৩ পি.এম
নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় বাড়িঘর এবং বিজ্ঞান ক্লাবের ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বুধবার (১ জুলাই) দুপুরে লোহাগড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী দুই ভাই জাহিদুর রহমান ও ওহিদুর রহমান বলেন, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় তাদের বসতঘরসহ শ্রেষ্ঠা-শাকিরা বিজ্ঞান ক্লাব ভাঙচুর করা হয়েছে। টিনের চালা, বেড়া ও বৈদ্যুতিক বোর্ড ভেঙে ফেলা হয়েছে এবং লোহাগড়া মৌজার ৩৫৪ দাগের প্রায় ৯ শতক জমি দখলের চেষ্টা করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, তাদের পৈতৃক সম্পত্তি এখনও আইন অনুযায়ী বণ্টননামা বা বাঁটোয়ারা করা হয়নি। কিন্তু অভিযুক্ত মাহমুদ আলম, লিয়াকত হোসেন লিকু এবং তাহানূর সম্পূর্ণ অন্যায়ভাবে বায়নাপত্রের অজুহাতে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন। বেআইনি ভাবে, বাড়িঘর এবং বিজ্ঞান ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন জাহিদুর ও ওহিদুর রহমান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় মাথায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
অন্যদিকে, অভিযুক্তপক্ষের লিয়াকত হোসেন লিকু অভিযোগ অস্বীকার করে বক্তব্য দেন, এই জমির মালিক জাহিদুর ও ওহিদুর নন। জমির মালিক হচ্ছে তাদের বোন। আমরা সেই বোনের কাছ থেকে জমি কিনেছি। অথচ, তারা থানায় অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, জমি দখলের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কোনো পক্ষকেই তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন