ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

দীঘিনালায় মাদকমুক্ত তারুণ্য গড়তে ছাত্রদলের ক্রীড়া উপহার


দীঘিনালায় মাদকমুক্ত তারুণ্য গড়তে ছাত্রদলের ক্রীড়া উপহার

মাদকের প্রভাব থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদল শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে। তাদের বিশ্বাস, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পেলে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ সৃষ্টি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী রশিদনগর দাখিল মাদ্রাসা মাঠে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল-আমিন এবং জেলা ছাত্রদলের সদস্য ও দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকেরা জানান, মাঠে খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উদ্বুদ্ধ করা হবে।

আরও পড়ুন: পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল-আমিন মন্তব্য করেন, "তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দিতে চাই। একজন তরুণ মাঠে থাকলে তার শরীর ও মন দুটোই ভালো থাকে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে।"

তিনি আরও যোগ করেন, "আমরা চাই দীঘিনালার প্রতিটি মাঠ আবার তরুণদের পদচারণায় মুখর হোক। মাদককে না বলে তরুণরা খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হোক—এটাই আমাদের প্রত্যাশা।"

স্থানীয়দের মতে, তরুণদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণের মতো উদ্যোগ কেবল খেলাধুলাকে উৎসাহিত করে না, বরং তাদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখতেও সহায়তা করে। মাদক প্রতিরোধে এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুজন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শের-ই-বাংলা মেডিকেলে দেলোয়ারের রাজত্ব: মাদকাসক্তি থেকে চাঁদাবাজিতে জিম্মি কর্মচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশেষ প্রতিবেদক, বরিশাল

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


শের-ই-বাংলা মেডিকেলে দেলোয়ারের রাজত্ব: মাদকাসক্তি থেকে চাঁদাবাজিতে জিম্মি কর্মচারীরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) দেলোয়ার নামের একজন বিতর্কিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনাকাঙ্ক্ষিত বহিরাগত প্রভাব, রোগী হয়রানি ও চাঁদাবাজির। ভুক্তভোগী রোগী, সাধারণ কর্মচারী এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, হাসপাতাল চত্বরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে জালিয়াতি, অবৈধ দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। এর ফলে ঐতিহ্যবাহী এই সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

রাজনৈতিক পরিচয় পরিবর্তন ও কর্মচারীদের জিম্মি করার অভিযোগের অনুসন্ধানে জানা গেছে, সুবিধাজনক অবস্থান বুঝে রাজনৈতিক পরিচয় পরিবর্তনে অভ্যস্ত একটি চক্র রয়েছে। অতীতে ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে সুবিধা গ্রহণ করলেও পটপরিবর্তনের পর দেলোয়ার আউটসোর্সিং কর্মচারীদের স্বঘোষিত নেতা হয়ে ওঠেন। সাধারণ কর্মচারীদের বকেয়া বেতন ও বিভিন্ন দাবি আদায়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা ভ্রমণের খরচের নামে নিয়মিত মোটা অঙ্কের টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আউটসোর্সিং কর্মী জানিয়েছেন, প্রতিনিয়ত ভয়ভীতি ও মানসিক নির্যাতনের শিকার হওয়ায় সাধারণ কর্মচারীরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

দেলোয়ারের মাদকাসক্তি ও অতীতে মারধরের ঘটনার কথা পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত। ইতিপূর্বে পরিবারের উদ্যোগে তাকে দুইবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হলেও তার আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি; বরং রিহ্যাব থেকে ফেরার পর হাসপাতালকেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েন। অতীতে হাসপাতাল প্রাঙ্গণে একটি অ্যাম্বুলেন্স আটকে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অ্যাম্বুলেন্স চালক ও সহযোগীদের ওপর হামলা চালানো হয়।

হাসপাতালের ৫ম তলার ডক্টরস ক্যান্টিনটি অবৈধভাবে দখলের চেষ্টা চলছে, যার অংশ হিসেবে পরিচালক মাজেদ এবং তার ছেলে আরিফুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রতিনিধি হিসেবে ছায়াতলে থেকে দেলোয়ার নিজের এজেন্ডা বাস্তবায়ন করছেন। স্থানীয়রা জানান, মেডিকেলের সম্মুখভাগে অবস্থিত একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তার সরাসরি ইন্ধন রয়েছে।

সাধারণ রোগী ও কর্মচারীরা হাসপাতাল চত্বরে দালালি, দখলদারি ও চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-ভুক্ত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। 

তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, কোনো প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পথে থাকলে এবং প্রকল্পটি বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তবে মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনোভাবেই প্রকল্প ব্যয় বৃদ্ধি করা যাবে না।

সভার শুরুতে ‘সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬’, ‘ওএন্ডএম ম্যানুয়্যাল’ প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৫’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব মুহাম্মদ আব্দুস সালাম, পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও অনলাইনে যুক্ত হয়ে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক ২ এমপিকে গ্রেফতার দেখালেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক ২ এমপিকে গ্রেফতার দেখালেন আদালত

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক দুই সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

কারাগার থেকে আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের এ গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

উল্লেখ, ২০২৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিম এবং ২০২৫ সালের ২০ জানুয়ারি মোস্তফা জালালকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসসিও সম্মেলনের ফাঁকে ইরান-রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক, বিশ্বকে কী বার্তা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


এসসিও সম্মেলনের ফাঁকে ইরান-রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক, বিশ্বকে কী বার্তা?

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হচ্ছে ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বার্ষিক সম্মেলন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ববৈঠক করেছেন।

মোদি দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞদের মতে, ইরান ও রাশিয়ার সঙ্গে এই বৈঠক আমেরিকাকে নতুন মেরুকরণ গড়ে তোলার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

র রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মোদি এই প্রথম ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম জানায়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছে।

মোদি ও পেজেসকিয়ান পারস্পরিক স্বার্থ জড়িত বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ভারতের মধ্যে যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

মোদি-পেজেসকিয়ান বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আমেরিকা-ইরানের সংঘাতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল।

 

ইরান ও ভারতের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ভারত ইরানের শীর্ষ দশটি বাণিজ্যিক অংশীদারের মধ্যে একটি। তবে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়া এবং তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন ‘শত্রু’ ইরানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ।

জানা যায়, এসসিও সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন মোদি।

 

সেখানে মধ্যপ্রাচ্যের চলমান অশান্তি, অবরুদ্ধ হরমুজ এবং অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের বেপরোয়া শুল্ক ও যুদ্ধনীতির বিপরীতে নতুন মেরুকরণ গড়ে তোলার বার্তা দিচ্ছে রুশ-ইরান-ভারতের এই বৈঠক। মার্কিন আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির বিপরীতে চীন থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের দখলদারির বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে।

অন্যদিকে, অরুণাচল সীমান্ত নিয়ে বেজিংয়ের সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে। এই অবস্থায় পারস্পরিক স্বার্থের কারণে ইরান-ভারত-রাশিয়া একজোট হচ্ছে। পাকিস্তান মুসলিম ন্যাটোয় ইরানকে টানার চেষ্টা করলেও বিশেষজ্ঞদের মতে, তা সফল হবে না।

এসসিও প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটি দুই দিনব্যাপী চলবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%