প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে দ্রুত ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি একই সাথে মন্তব্য করেছেন, "এতো দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন।" মন্ত্রী উল্লেখ করেন, শেখ হাসিনা দেশের নাগরিক এবং তিনি দেশের মধ্যে ছিলেন। তার বিদেশে যাওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন তুলেছেন, "গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।" মন্ত্রী আরও বলেন, "আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক।" আইনগতভাবে তার প্রাপ্য বিষয়টিও উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্প-কারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। পুনরুজ্জীবনের জন্য তেমন কারখানার একটি তালিকা তৈরি করা হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। এছাড়া, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃপ্রতিষ্ঠা হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
কৃষি খাতে ঋণ ও উৎপাদন বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, "বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি।" ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, "একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে।" কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমদানি ও রপ্তানির ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "বাংলাদেশের আমদানি সবসময় রপ্তানির তুলনায় বেশি হলেও শুধু এই ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।" বরং দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
এর আগে ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনের পর কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সাথে মতাবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।
কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি সহায়ক নয়। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কলেজের খেলার মাঠের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আর দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, প্রতিষ্ঠানটিকে একদিন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদullah আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা। মন্ত্রী হযরত শাহপরাণ (রহঃ) মাজার রোড হতে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানা দেওয়াল, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ উদ্বোধনও করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন