প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মামলাটি বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছাবে এবং রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রম ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল ২৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়।
রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও একটি পেনড্রাইভে ভিডিও উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম তাকে জেরা করেন।
জেরার সময় পপি জানান, দাখিল করা নথিপত্রের সত্যতা তিনি ব্যক্তিগতভাবে যাচাই করেননি এবং পেনড্রাইভে থাকা ভিডিওগুলোও নিজে দেখেননি। আসামিপক্ষের পক্ষ থেকে আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না বলে জানানো হলে ট্রাইব্যুনাল যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন।
তিন অভিযোগে শতাধিক হত্যার অভিযোগ
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনটি পৃথক ঘটনায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতি ও সংশ্লিষ্টতা ছিল।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা এবং সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনালের রায়ে।
যেভাবে শুরু হয় বিচার
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
এরপর একে একে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১ অক্টোবর। দীর্ঘ জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে ১৯ নভেম্বর তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। তিনি সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। নিরাপত্তাজনিত কারণে তিনি সাম্প্রতিক সময়ে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় এখন মামলার গুরুত্বপূর্ণ পর্যায় যুক্তিতর্ক উপস্থাপন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষ প্রথমে তাদের অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরবে। এরপর আসামিপক্ষ নিজেদের বক্তব্য ও যুক্তি উপস্থাপনের সুযোগ পাবে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলার পরবর্তী বিচারিক পদক্ষেপ এবং রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। ফলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে মামলাটি এখন চূড়ান্ত বিচারিক পর্যায়ের দিকে এগোচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন