০৫:১৪ পি.এম
ঢাকার ধামরাইয়ে গ্যাস পাইপলাইনের মেরামত এবং মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই নির্ধারিত এলাকার আবাসিক, শিল্প ও বাণিজ্যিক সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন ধামরাইয়ের ভেতরের এলাকার মধ্যে ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে রাস্তা বিরোধে যুবদল নেতা সোহেল মিয়া বল্লমের আঘাতে নিহত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধামরাই ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের (ডিআরএস) সংস্কার এবং সেখানে মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিআরএসের মাধ্যমে পাইপলাইনে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে, মিটারিং ব্যবস্থায় গ্যাসের প্রবাহ ও পরিমাণ পরিমাপ করা হয়।
তিতাস আরও জানায়, নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপও কম থাকতে পারে। এর ফলে বাসাবাড়িতে রান্নার কাজ এবং গ্যাসনির্ভর শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত ৬ জুলাই ধামরাইয়ের কালামপুর এলাকায় গ্যাসের স্বল্পচাপের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ ছিল, কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত ডিআরএস থেকে সরবরাহ করা গ্যাসের চাপ দীর্ঘদিন ধরে কম থাকায় তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না।
আরও পড়ুন: জুলাইযোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন