ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

অবসরপ্রাপ্ত এএসপি’র উপর মাদক ব্যবসায়ীদের সশস্ত্র হামলা


অবসরপ্রাপ্ত এএসপি’র উপর মাদক ব্যবসায়ীদের সশস্ত্র হামলা

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও তার পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দায়ের করা এজাহারে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আড়পাড়া দর্গার পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, দক্ষিণ আড়পাড়ার বাসিন্দা মো. আশরাফুল আলম রানা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে তিনি এবং তার বাবা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর জেরে অভিযুক্তরা তাদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে হামলাকারীরা লাঠি, কাঠের বাটাম ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত ধারালো রামদা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে রানার অন্তঃসত্ত্বা স্ত্রী মারুফা আক্তার মিতু, মা আশাতারা পারভীন, বোন হীরা খাতুন, চাচী নাজমা বেগম ও চাচাতো ভাবী সালমা বেগমকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং ভবিষ্যতে পরিবারের সদস্যদের প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে দাবি করা হয়েছে।

পরে আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

এ ঘটনায় মো. রিপন, মো. শিবলু, মো. মিলন হোসেন, নাজমুল হোসেন, নাজমা বেগম ও মো. কাজলসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ঘটনার পর বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামি শিবলু ও মিলন হোসেনকে আটক করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে মামলার দুই আসামিকে আটক করেছে। আহত ব্যক্তির ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজবুল্লাহর দাবি, সাউথ লেবাননে ৩টি ইসরাইলি ট্যাংক ধ্বংস, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


হিজবুল্লাহর দাবি, সাউথ লেবাননে ৩টি ইসরাইলি ট্যাংক ধ্বংস, নিহত ৩

ঢাকা, ১৯ জুন, ২০২৬ : শুক্রবার হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা তিনটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করে ফেলেছে এবং দক্ষিণ লেবাননে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে।

এই সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টা আগে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলে।

এটি একটি গুরুত্বপূর্ণ খবর, যা বার্তা সংস্থা এএফপি দ্বারা প্রকাশিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের একদিন পরেও লেবাননে সংঘর্ষ চলছে। যদিও ওই চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেগুলো পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহর দেওয়া তথ্য মতে, সাঁজোয়া ও পদাতিক ইউনিট নিয়ে গঠিত ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ের উত্তর দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালালে তাদের লক্ষ্য করে হামলা করা হয়।

গোষ্ঠীটি উল্লেখ করেছে, ওই এলাকায় সংঘর্ষ এখনও চলমান রয়েছে।

মার্কিন-ইসরাইল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলে হামলা করার পর, মার্চ মাসে লেবাননও মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে।

এরপর থেকে, লেবাননজুড়ে ব্যাপক হামলা এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করে তেল আবিব, ফলে দেশটির দক্ষিণাঞ্চল ইসরাইলের সীমান্তবর্তী এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন-ইরান চুক্তি সত্ত্বেও সংঘাত অব্যাহত রয়েছে।

হিজবুল্লাহ বৃহস্পতিবার জানায়, তারা নাবাতিয়ার নিকটবর্তী ‘আরনুন শহর থেকে কাফার তিবনিতের উপকণ্ঠের দিকে অগ্রসর হতে চাওয়া ইসরাইলি সেনাবাহিনীর একটি দলের’ বিরুদ্ধে লড়াই করছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, কাফার তিবনিত এলাকায় ‘শত্রুপক্ষের ড্রোন একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে দুজন নিহত হন। একইভাবে পার্শ্ববর্তী জেবদিন গ্রামে ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারান।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে আগের রাতের একটি ঘটনায় তাদের একজন সৈন্য নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, যে লেবাননে শান্তিরক্ষীদের পক্ষ থেকেও বৃহস্পতিবার গোলাগুলির খবর পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি চুক্তির আওতায় প্রায় ১০০ গেরিলা অস্ত্র সমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি চুক্তির আওতায় প্রায় ১০০ গেরিলা অস্ত্র সমর্পণ

ঢাকা, ১৯ জুন, ২০২৬ : কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের একটি জঙ্গল এলাকায় বৃহস্পতিবার প্রায় ১০০ জন গেরিলা তাদের অস্ত্র জমা দিয়েছে। এটি বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সঙ্গে করা একটি চুক্তির অংশ। গুস্তাভো সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো বিভাগের জঙ্গলে ন্যাশনাল কো-অর্ডিনেটিং কমিটি অব দ্য বলিভারিয়ান আর্মির ৯৯ জন বিদ্রোহী তাদের অস্ত্র জমা দিয়েছেন। এই ঘটনাটি ঘটেছে ঠিক তখন, যখন দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্ধারণে শুধু তিন দিন পর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগটি প্রেসিডেন্ট পেট্রোর ‘পূর্ণ শান্তি’ বা ‘টোটাল পিস’ পরিকল্পনার সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে অতীতে তার অন্যান্য শান্তি প্রচেষ্টা সফল হয়নি।

ক্যামোফ্লাজ পোশাক পরা গেরিলারা একটি বড় কনটেইনারের মধ্যে তাদের রাইফেল জমা দেন, যেখানে লেখা ছিল: ‘আমি জীবনের পক্ষে, আমি শান্তির অঙ্গীকার পূরণ করছি।’

এই পদক্ষেপটি সরকারের সঙ্গে তাদের নিরস্ত্রীকরণ এবং আইনি অবস্থান নির্ধারণ সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এই গোষ্ঠীটি ২০১৬ সালে অস্ত্র ত্যাগ করা ফার্ক বিদ্রোহী গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছিল, যারা প্রায় অর্ধশতাব্দী ধরে সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। শান্তি আলোচনায় তারা এখন পর্যন্ত প্রেসিডেন্ট পেট্রোর সরকারের সঙ্গে অগ্রগতি দেখানোর ক্ষেত্রে একমাত্র সশস্ত্র গোষ্ঠী।

সরকারি শান্তি প্রতিনিধির প্রধান আর্মান্দো নোভোয়া বলেন, ‘এটি কলম্বিয়ার সমাজের জন্য একটি খুব শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বার্তা, বিশেষ করে এমন সময়ে যখন যুদ্ধ নিয়ে এত বেশি উত্তেজনা ও আলোচনা চলছে।’

এদিকে, পেট্রোর ‘পূর্ণ শান্তি’ নীতির ভবিষ্যৎ এখন রাজনৈতিকভাবে অনেকটাই অনিশ্চিত অবস্থায় রয়েছে। আগামী রোববার কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে শান্তি নীতির সমর্থক প্রার্থী এবং তার বিরোধী ডানপন্থী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আগামী ৭ আগস্ট প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিজয়ীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন প্রাথমিক পাস করা একজন শিক্ষার্থী সঠিকভাবে রিডিং পড়তে পারে না: রুমিন ফারহানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


কেন প্রাথমিক পাস করা একজন শিক্ষার্থী সঠিকভাবে রিডিং পড়তে পারে না: রুমিন ফারহানা

স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে বলেছেন, কেন প্রাথমিক পাস করা একজন শিক্ষার্থী সঠিকভাবে রিডিং পড়তে পারে না? কেন জিপিএ-৫ পাওয়া একজন শিক্ষার্থী শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারে না। তিনি উল্লেখ করেছেন, "আমি মনে করি মেন্ডারিন কিংবা জার্মানি শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, বলতে পারা, লিখতে পারার শিক্ষাটা আমাদের ছেলেমেয়েদেরকে দিলে যথেষ্ট ভালো দক্ষতার সাথে কাজ করতে পারবে।"

রুমিন ফারহানা বাজেট বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেমন রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে কম বরাদ্দ। তিনি বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে উদাহরণ দিয়ে মন্তব্য করেন, "সৎ টাকায় একজন সংসদ সদস্যের কি ঢাকায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব?"

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এই মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে কর ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছেন। এতে তিনি আশা প্রকাশ করেন যে চাল, ডালসহ প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমবে।

এরপর রুমিন ফারহানা প্রস্তাবিত বাজেটের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে একটি গল্প বলেন। তিনি বলেন, "একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ। সেই সদস্যের মাসে বেতন যদি ১ লাখ ৭৬ হাজার টাকা হয়। তাঁর কোনো গার্মেন্ট ব্যবসা নাই। তাঁর কোনো ইয়াবা ব্যবসা নাই। তাঁর কোনো অস্ত্রের ব্যবসা নাই। তাঁর কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তাঁর স্বপ্ন হলো ঢাকা শহরে তিন একর জায়গার ওপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিংপুল থাকবে; হরিণ, ম্যাকাও পাখি পুষবেন। কিন্তু তাঁর এই ১ লাখ ৭৬ হাজার সৎ টাকায় কি ঢাকায় তিন একর জায়গায় প্রাসাদোপম বাড়ি তৈরি করা সম্ভব? সম্ভব নয়।"

তিনি আরো বলেন, "ঠিক একইভাবে যখন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট আসে, তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কীভাবে বাস্তবায়িত হবে। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপরই ৬ লাখ ৪ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এনবিআর আদায় করতে পেরেছে মাত্র ৩ লাখ ২৬ হাজার কোটি টাকার কিছু বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার, ১৯ জুন জুমার নামাজের ইমামতি করবেন এবং খুতবা দেবেন যাঁরা, তাঁরা দুজন প্রখ্যাত শায়খ। এই তথ্য মসজিদে হারাম কর্তৃপক্ষ জানিয়েছে।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ, যিনি একজন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার এবং কারি। তাঁর জন্ম ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে।

১৯৭৫ সালে শায়খ সালেহ মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। একই ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে। ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন।

তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল এবং হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়েখ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শায়েখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ একজন স্বনামখ্যাত আলেম এবং রিয়াদের পাবলিক কোর্টের বিচারক ছিলেন।

ড. আল মুহান্না কোরআনের হাফেজ। শৈশবকালে তিনি পবিত্র কোরআন হিফজ করেছেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে মাস্টার্স এবং ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি পান। তিনি শায়েখ আব্দুল্লাহ বিন বাজ (রহ.) এবং শায়েখ আব্দুল্লাহ বিন আকিলের (রহ.) সরাসরি ছাত্র।

ড. খালিদ আল মুহান্না অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক হন।

২০১৫ ও ২০১৬ সালে তিনি রমজানের জন্য মসজিদে নববীর ইমাম নিযুক্ত হন। আজ তিনি মসজিদে নববিতে খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%