১০:০৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই গ্রামের লোকজন। এই ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেছেন। কিন্তু খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর রোববার (২৮ জুন) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মো. খাদিম নামে একজন নিহত হন।
আরও পড়ুন: কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
এ ঘটনার পর সোমবার দুপুরে নিহত খাদিমের জানাজার নামাজের পর আবারও দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল লাগে, ফলে তিনি আহত হন।
ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে রাতে সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে, কিন্তু গতকালের সংঘর্ষে একজন নিহতের সূত্রে এখনো থানায় কেউ মামলার এজহার নিয়ে আসেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন