১২:৪৩ পি.এম
ডোপ টেস্টে নিষিদ্ধ গাঁজার সংশ্লিষ্ট উপাদানের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে আইসিসি ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে। গতকাল (১৭ জুলাই) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সত্যতা নিশ্চিত করেছে এক বিবৃতিতে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন দেওয়া নমুনায় কার্বক্সি-টিএইচসির উপস্থিতি ধরা পড়ে। এটি গাঁজার মনঃপ্রভাবকারী উপাদান টিএইচসির একটি বিপাকজাত উপাদান হিসেবে পরিচিত এবং আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী 'সাবস্ট্যান্স অব অ্যাবিউজ' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, নেওয়াজ ডোপিং বিধির লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি এটাও প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে নিষিদ্ধ উপাদানটি তিনি ক্রীড়া পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করেননি।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
অপরাধের গুরুত্ব বিবেচনায় নেওয়াজকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ১ মে থেকে কার্যকর হবে, কারণ তিনি সেই দিন স্বেচ্ছায় অস্থায়ী নিষেধাজ্ঞা গ্রহণ করেন।
নিষেধাজ্ঞার আওতায় ইতোমধ্যে আড়াই মাস কাটিয়েছেন নেওয়াজ। পূনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় তার অস্থায়ী নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে ডোপিং বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত নেওয়াজের ব্যক্তিগত পারফরম্যান্সের সব রেকর্ড বাতিল করেছে আইসিসি।
বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে অবস্থান করছেন নেওয়াজ। গল গ্যালান্টসের হয়ে তিনি এবার খেলছেন। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় এখন খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা নেই তার। গতকাল অলরাউন্ড পারফরম্যান্সে তিনি দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
আরও পড়ুন: ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন