প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন থাকার কারণে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তারা ট্রান্সফরমার দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন, কিন্তু এখনো ট্রান্সফরমার দেওয়া হয়নি। এ কারণে তাদের বারবার পুরোনো ট্রান্সফরমার দেওয়া হচ্ছে, ফলে তারা ভোগান্তির মধ্যে রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বেলা ১১টা নাগাদ, পৌর শহরের শিমরাইল গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ জন বাসিন্দা পিডিবি অফিসে গিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ সময় অফিসের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ড্রয়ারের ভাঙচুর করা হয়। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমের ওপর হামলাও চালিয়েছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় পুলিশ বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিমরাইল গ্রামের বিক্ষোভকারী বাসিন্দা সজিব মিয়া (২৫), নূরুল হক (৬০), আতিকুল ইসলাম (৩৫) ও জহিরুল ইসলাম (২৮) বলেন, 'গত ১৩ আগস্ট রাতে গ্রামের ট্রান্সফরমার নষ্ট হলে বিদ্যুৎ চলে যায়। এতে গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।'
তারা আরও অভিযোগ করেন, নতুন ট্রান্সফরমার দেওয়ার কথা বলে পিডিবির আবাসিক প্রকৌশলীকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে, কিন্তু এক সপ্তাহেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে গেছেন। প্রায় এক মাস আগে গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়েছিল। তখন নতুন ট্রান্সফরমারের পরিবর্তে পুরোনো ট্রান্সফরমার দেওয়া হয়, যা কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায়।
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় পানির সংকট, খাবার সংরক্ষণে সমস্যা সৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে হামলায় আহত পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, 'বিক্ষুব্ধ লোকজন হামলা শুরু করার আগে কিছু বুঝে ওঠার সময় পাইনি। ট্রান্সফরমারের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ একদম ভিত্তিহীন। তবে লাইন সংযোগ ও মেরামতের কাজে লাইনম্যানদের কিছু খরচাপাতি বিভিন্ন স্থানে দেওয়া হয়। এলাকাবাসী মূলত নতুন ট্রান্সফরমার চেয়েছিল, কিন্তু আমাদের বিভাগে ট্রান্সফরমারের সংকট থাকায় পুরোনো একটি ট্রান্সফরমার দেওয়া হয়। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করেছেন।'
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, 'শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হওয়ার বিষয়টি একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু ট্রান্সফরমারের সংকট থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ট্রান্সফরমার পেতে দেরি হয়েছে।'
তিনি আরও বলেন, 'গতকাল রাতেই একটি ট্রান্সফরমার এসেছিল। কিন্তু সেটি পুরোনো হওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অফিসে হামলা ও ভাঙচুর করেছেন। এতে আমাদের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম আহত হয়েছেন।'
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরে দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন আবাসিক প্রকৌশলী। এরপর বিক্ষুব্ধ লোকজন সরে যান এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন