ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

হুলারহাটে কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার


হুলারহাটে কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট সংলগ্ন কঁচা নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একটি অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশের দেওয়া সংবাদের ভিত্তিতে, কাউখালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে।

কাউখালী নৌ পুলিশ সূত্রে জানা গেছে যে, উদ্ধারকৃত লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: হাসপাতালকে ব্যবসা নয়, মানবসেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহজাহান চৌধুরী

ঘটনার প্রসঙ্গে, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক, নিরস্ত্র) মোঃ আরমান হোসেন বলেন, “শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশ আমাদের জানায় যে, হুলারহাট সংলগ্ন কঁচা নদীতে একটি অর্ধগলিত ভাসমান লাশ দেখা গেছে। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের আয়োজক দেশ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বিশ্বকাপের আয়োজক দেশ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

 

২০৩০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বিশেষ মাত্রায়। সেবার বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্ণ হবে।

২৪তম বিশ্বকাপের আয়োজক হিসেবে সম্প্রতি ঘোষণা করা হয়েছে। মূলত তিনটি দেশের যৌথ আয়োজক হিসাবে নির্বাচিত হয়েছে—স্পেন, পর্তুগাল এবং মরক্কো। তাছাড়া উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এক করে একটি করে ম্যাচ আয়োজন করবে।

শতবর্ষী এই বিশ্বকাপ আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে উরুগুয়ে ও আর্জেন্টিনা মূলত ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালিস্ট হওয়ার জন্য।

অন্যদিকে, প্যারাগুয়ে পাচ্ছে লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর তাদের দেশে অবস্থিত হওয়ার কারণে।

কিন্তু, ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজকদের মধ্যে বিরোধিতা শুরু হয়েছে। স্পেন মরক্কোকে বিশ্বকাপের আয়োজক হিসেবে বাদ দেওয়ার দাবি তুলেছে।

এ নিয়ে স্পেনের পার্লামেন্টে আয়োজক হিসাবে মরক্কোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন বামপন্থী জোটের তিনটি রাজনৈতিক দলের ডেপুটিরা। তারা স্পেন সরকারকে মরক্কোকে বাদ দিতে ফিফায় চিঠি লেখার জন্য দাবি জানিয়েছে। এমন প্রস্তাবে পর্তুগাল সরকারেরও সম্মতি রয়েছে বলে জানা গেছে।

এই দাবির পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে সম্প্রতি স্পেনের উত্তর আফ্রিকার ভূখণ্ড সেউতা সীমান্তে মরক্কো থেকে মানুষের ঢল নামার ঘটনা। তবে পরবর্তী সময়ে অধিকাংশ অভিবাসী আবার মরক্কোতে ফিরে যান।

তবে, এই ঘটনার ফলে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে ভুল তথ্য ও গুজব ছড়িয়েছে মরক্কোর মানব পাচারকারীরা। তারা প্রচার করে যে, স্পেনে পৌঁছালে সেখানে থাকার সুযোগ মিলবে। এই খবর শোনার পর সেউতা সীমান্ত দিয়ে ২৪ ঘণ্টায় ৬০ থেকে ৮০ হাজার মরোক্কান ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র সাঁতরে স্পেনে প্রবেশ করেন। একটি দেশের আর্থসামাজিক পরিস্থিতি, নিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতি কতটা ভয়াবহ হলে মানুষ এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়—এমন অভিযোগ তুলে মরক্কোকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সরকারের বামপন্থী জোটের তিনটি রাজনৈতিক দলের ডেপুটিরা। একইভাবে পর্তুগালের ক্ষমতাসীন লিবরা পার্টিও একই মতামত প্রকাশ করেছে। তারা পর্তুগাল সরকার এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি লিখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেন্টার নির্মাণ, পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি; দ্রুত চালুর দাবি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


তিন বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেন্টার নির্মাণ, পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি; দ্রুত চালুর দাবি এলাকাবাসীর

পিরোজপুরের কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার তিন বছর পার হয়ে গেলেও তা এখনও আলোর মুখ দেখেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ধেকের কম কাজ করে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এর পাশাপাশি, দুর্যোগপ্রবণ এই এলাকার মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পটির কাজ পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রুপালি কনস্ট্রাকশন’, যা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং এলজিইডি পিরোজপুরের বাস্তবায়নে ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে। ২০২২ সালের ১ নভেম্বর কাজ শুরু হয়ে ২০২৩ সালের ৩১ মার্চ প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শুরুর পর অর্ধেকের কম নির্মাণকাজ সম্পন্ন করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দিয়েছে। অভিযোগ উঠেছে, কাজের অধিকাংশ বিল উত্তোলন করার পর ঠিকাদারের অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি। দীর্ঘসময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টায় প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। এ সময়, তিনি অবহেলায় পড়া ভবনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত কাজ শেষ করার উপায় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে কাজী রওনাকুল ইসলাম বলেন, "এই ভবনটি এক্ষেত্রে শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটিও একটি সাইক্লোন সেন্টার। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের সময় এলাকার মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই আমরা এখানে এসেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

প্রকল্পের স্থবিরতা এবং এলাকার মানুষের দুর্ভোগ নিয়ে কথা বলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। তিনি বলেন, "উপকূলীয় এই এলাকার মানুষের জন্য সাইক্লোন সেন্টারটি অত্যন্ত জরুরি ছিল। কিন্তু ঠিকাদারের চরম অবহেলা ও অনিয়মের কারণে এই উন্নয়ন প্রকল্পটি আজ থমকে গেছে, যা কোটি কোটি টাকার। আমরা আশা করি, দুর্নীতির বিষয়টি তদন্ত হবে এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবহেলায় পড়ে থাকা কাজ দ্রুত নতুনভাবে শুরু করে ভবনটি বুঝিয়ে দেওয়া হোক।"

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, "তিন বছর ধরে একটি গুরুত্বপূর্ণ ভবন অর্ধেক হয়ে থাকবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে শিক্ষার্থীদের পাঠদান থেকে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সংকট অনুভব করছে। বিএনপির পক্ষ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রশাসনিক আইনি জটিলতা নিরসন করে প্রকল্পের অবশিষ্টাংশ সম্পন্ন করা হোক।"

কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, "প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও এলজিইডির সমন্বয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হলে অবশিষ্ট কাজ সম্পন্ন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মোঃ মোস্তফা রায়হান, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন এবং রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ সোলায়মানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

চট্টগ্রাম, ৭ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান।

আগামী ৯ আগস্ট (রোববার) প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বাঁশখালী উপজেলায় যাবেন। সেখান থেকে ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে এই সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও জোরদার করেছে প্রশাসন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে বৃহত্তর চট্টগ্রামের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ সেই পরিকল্পনা নির্ধারণ করেছেন, প্রধানমন্ত্রীকে কোথায় কীভাবে স্বাগত এবং শুভেচ্ছা জানানো হবে। প্রধানমন্ত্রীর জন্য তৈরি কর্মসুচি নিয়ে দলীয় চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে সাংগঠনিক সভার আয়োজন করেছেন, যা স্থানীয় নেতাকর্মীদের আনন্দিত করেছে।

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সফরে চট্টগ্রামের তিনটি ইউনিটের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্যের সঙ্গে সাংগঠনিক সভা আয়োজন করেছেন। এই সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের কথা শুনবেন। এখান থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেবেন তিনি। এর ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে তাদের মনের আবেগ প্রকাশের সুযোগের অপেক্ষায় আছেন।

প্রধানমন্ত্রীর কার্যক্রম অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট একদিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রামে আসছেন। ওইদিন সকালে ৯টায় মহেশখালীতে পৌঁছে সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

সেখান থেকে দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ বিতরণ এবং ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

এরপর দুপুর একটায় প্রধানমন্ত্রীর ফটিকছড়ি যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফি’র কবর জেয়ারত করবেন। জেলা পরিষদ ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রোগ্রামে যোগ দেবেন। হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার করে আর্থিক অনুদান তুলে দেবেন।

সন্ধ্যার পর প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ বাসস’কে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা ভাবছেন প্রতিটি মুহূর্তে। এই কারণে তিনি চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। আমি দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং পার্বত্য চট্টগ্রামে সরেজমিনে গিয়ে ত্রাণ ও পুনর্বাসনের কাজ করেছি। সরকার বাঁশখালীতে ঘর নির্মাণের ব্যবস্থা করছে। অন্যান্য উপজেলাও প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

দলের সাংগঠনিক সভার বিষয়ে তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান সব সময় দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করেন। তিনি মনে করেন, তারাই দলের প্রাণ। এবার চট্টগ্রামের তিনটি সাংগঠনিক ইউনিটের (মহানগর, উত্তর ও দক্ষিণ) বিএনপি, ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর সাথে সরাসরি কথা বলবেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এটা তারেক রহমানের রাজনৈতিক দর্শন, তিনি দেশ ও দলকে এগিয়ে নিতে চান।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান আজ বাসস’কে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করবেন বলে আমাদের জানানো হয়েছে।’

সভায় কারা অংশ নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘একটা ক্রাইটেরিয়া (যোগ্যতা) নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী বিএনপি ও অঙ্গ-সংগঠনের পদে থাকা নেতারা অংশ নেবেন। তবে পদে নেই এমন কিছু সিনিয়র নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করেছেন, তাদেরও আমন্ত্রণ জানানো হবে।’

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন আজ বাসস’কে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বাঁশখালীতে ত্রাণ বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে। এখানে কোনো জনসভা হবে না, তবুও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তার কারণে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকবেন। তা মাথায় রেখে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতির চেষ্টা করছি।’

সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন আজ বাসস’কে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে।

এই অধিবেশনটি স্বল্পমেয়াদি হবে, এ কথা গণমাধ্যমে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি।

তবে এই অধিবেশন কবে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গতকাল বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুসারে, ২০ আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট।

অবশ্য একাধিক প্রার্থী না থাকলে ভোটাভুটির প্রয়োজন হবে না।

তখন ১৬ আগস্ট বাছাই শেষে একক প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন। তবে ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই পরিষ্কার হয়ে যেতে পারে, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%