০৬:৪৯ পি.এম
ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম মন্তব্য করেছেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি।" তিনি উল্লেখ করেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সৌহার্দ্য বজায় রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
সাভার পৌরসভার পঞ্চবটি আশ্রম সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এসব কথা বলেন ফরিদা খানম।
জেলা প্রশাসক জানান, ঢাকা জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবকেরাও পূজামণ্ডপগুলোতে কাজ করছেন।
আরও পড়ুন: মোংলা বন্দরে জাহাজ আসা ৪২ শতাংশ কমেছে
তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য হল প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে।
উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে উল্লেখ করে ফরিদা খানম জানান, "কেউ নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।" এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না।
জেলা প্রশাসক সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, "কোথাও সন্দেহজনক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।" সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ফরিদা খানম আরও বলেন, "শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, মানবিকতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার একটি উপলক্ষ।" তিনি আশা প্রকাশ করেন, পূজারি, দর্শনার্থী, আয়োজক কমিটি এবং স্বেচ্ছাসেবকদের সম্মিলিত সহযোগিতায় উৎসবের আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
আরও পড়ুন: লাকসামে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৩ মোটরসাইকেল আটক
ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরসহ জেলায় এবারে মোট ১ হাজার ১২৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। এর মধ্যে দোহার উপজেলায় ৪২টি, নবাবগঞ্জে ২০১টি, কেরানীগঞ্জে ১৫৩টি, ধামরাইয়ে ২৩৫টি, সাভারে ২৩৮টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি পূজামণ্ডপ রয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে হবে।"
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
আরও পড়ুন: হবিগঞ্জে বিকল ট্রাকের ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের ৩ জন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন