প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে দুই দিন শিডিউল দেওয়া সত্ত্বেও তিনি সেটে উপস্থিত হননি। নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর দাবি করেছেন, পাভেলের এমন আচরণের ফলে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং শুটিং ইউনিটকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা গভীর রাতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা নির্ঝর শুটিংয়ে পাভেলের অনুপস্থিতি এবং আর্থিক ক্ষতির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সে অনুযায়ী, শুটিং সেট প্রস্তুত করা হয়েছিল। পাভেলকে সেটে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি দিনভর তার বাসার নিচে অপেক্ষা করছিল। অন্যদিকে, প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিটও অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি।
নির্মাতার দাবি, সেদিন নাটকটির বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীসহ পুরো ইউনিট পাভেলের অপেক্ষায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার দেখা মেলেনি। কোনো উপায় না পেয়ে গভীর রাতে তার বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তাঁরা।
নির্ঝর আরো জানান, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেছিলেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বরও পাভেলের শিডিউল ছিল। সেদিনও শুটিং সেট প্রস্তুত করে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।
পরে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বলে দাবি নির্মাতার। বিষয়টি বিবেচনায় নিয়ে এবং প্রকল্পের কাজ এগিয়ে নিতে তারা আবারও পাভেলকে নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ নভেম্বর শুটিংয়েও অংশ নেন অভিনেতা। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ নির্ঝরের।
সব মিলিয়ে শুটিং সেট ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন নির্মাতা। ইতোমধ্যে তিনি ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে বিষয়টি অবহিত করেছেন। পাশাপাশি পুলিশকেও জানিয়েছেন। নির্মাতা নির্ঝর হুঁশিয়ারি দিয়েছেন যে, পাভেল যদি ক্ষতিপূরণ না দেন এবং জনসমক্ষে ক্ষমা না চান, তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন নির্মাতা। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটি শেষ করার আর কোনো উপায় নেই। তিনি জোড়াতালি দিয়ে কাজ শেষ করতে চান না এবং গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গেও কোনো আপস করতে রাজি নন।
‘হাঙামা’ ধারাবাহিকে অভিনয় করছেন সাইদুর রহমান পাভেল, শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন