০৬:৩৩ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে, প্রধানমন্ত্রী অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
আজ সোমবার মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে আসেন। দুপুরে তারা সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রী নিজ কার্যালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে
এ সময়, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।
শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এবং স্মরণীয় এই অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানায়।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উদ্যোগে, তার নির্বাচনী এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বাজেট অধিবেশন দেখতে আসেন। প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়, ও টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ।
অধিবেশন দেখার পাশাপাশি, শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সংসদের ইতিহাস, স্থাপত্য এবং কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন