প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলন এবং সামাজিক মাধ্যমে সচেতনতামূলক ভিডিও (কনটেন্ট) তৈরির কারণে কনটেন্ট ক্রিয়েটর ও স্থানীয় সংবাদকর্মী শাহনূর আলমের ওপর একটি বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট শুক্রবার রাতে আনুমানিক ৮টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছেন আহত ভুক্তভোগী শাহনূর আলম।
আহত শাহনূর আলম জানান, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ জেলা শহর থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। যখন তিনি বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছান, তখন গাছের আড়ালে লুকিয়ে থাকা একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় তিনি চলন্ত মোটরসাইকেলসহ সড়কে লুটিয়ে পড়েন।
পরে সন্ত্রাসীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যাপকভাবে ভাঙচুর করে। এক পর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় বিষাক্ত ইনজেকশন পুশ করার চেষ্টা করা হয় এবং রড দিয়ে কোমর ও হাঁটুতে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করা হয়।
হামলা শেষে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী পিছন থেকে একটি হামলাকারীর গেঞ্জি চেপে ধরেন এবং তাঁকে শনাক্ত করতে সক্ষম হন। চিহ্নিত ওই হামলাকারী এলাকাভিত্তিক চিহ্নিত মাদক কারবারি শাহরিয়ার হিসেবে নিশ্চিত হওয়া গেছে।
সাংবাদিক শাহনূর আলম বলেন, "আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে আসছি। এর জেরে চিহ্নিত মাদক কারবারিরা আমাকে বেশ কিছুদিন ধরে ভিডিও তৈরি বন্ধ করার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিল। তাঁদের হুমকিতে নতিস্বীকার না করায় পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই নৃশংস হামলা চালানো হয়েছে।"
বর্তমানে আহত অবস্থায় তিনি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ উল্লাহ ভূঁইয়া কিরণ জানান, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছেন। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন