০৫:৫৩ পি.এম
কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর জেলেদের জালের সাহায্যে নেপাল চন্দ্র সাহা (৬৩) নামের একজন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর জমিদার বাড়ির মদন-মোহন মন্দির সংলগ্ন পুকুরে ঘটনাটি ঘটে।
নিহত নেপাল চন্দ্র সাহা, ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র সাহার ছেলে ছিলেন। তিনি জাহাপুর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন এবং জাহাপুর জমিদার বাড়ির একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
আরও পড়ুন: কাউখালীতে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি মদন-মোহন মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ করে পানির নিচে তলিয়ে যান। ঘটনাটি দেখে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় স্থানীয় জেলেদের খবর দেওয়া হয়। পরবর্তীতে জেলেদের টানা জালের সাহায্যে নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
নিহতের ছেলে জয় কুমার সাহা বলেন, বাবা নিয়মিত সাঁতার জানতেন। গোসল করতে যাওয়ার সময় হঠাৎ স্ট্রোক করেছিলেন, যার কারণে তিনি পানি থেকে উঠে আসতে পারেননি। এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই বিবেচনা করছি।
এদিকে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, ঐতিহ্যবাহী পুকুরটি বেশ গভীর। এর আগে একই পুকুরে ডুবে আরও দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি এই পুকুরে গোসল করতে আসা স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থী সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন