ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়াতে ‘রেড লাইন’ অতিক্রম করেছে তুরস্ক: ইসরায়েলি রাষ্ট্রদূত


সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়াতে ‘রেড লাইন’ অতিক্রম করেছে তুরস্ক: ইসরায়েলি রাষ্ট্রদূত

সিরিয়ায় সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়ে তুরস্কের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার জানায়, তুরস্ক সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্য ইসরায়েলের হাতে এসেছে।

লেইটার দাবি করেছেন, তুরস্কের এই পদক্ষেপটি ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সমঝোতার ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করেছে।

বৃহস্পতিবার দ্য জেরুজালেম পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে লেইটার এসব কথা বলেন। তিনি জানান, ইসরায়েল তুরস্ক কিংবা সিরিয়ার সাথে উত্তেজনা বা যুদ্ধ চায় না। তবে তিনি জানান, তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে ইসরায়েল আগেই সতর্কবাণী দিয়েছিল।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

লেইটারের বক্তব্য অনুযায়ী, সেই সতর্কবার্তার কোনো সাড়া না পাওয়ার পর ইসরায়েল সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নেয়। এছাড়া, তিনি উল্লেখ করেন, ‘আমরা তুরস্ক বা সিরিয়া, কারও সঙ্গে উত্তেজনা বা যুদ্ধ চাইছি না। কিন্তু একটি রেড লাইন অতিক্রম করা হয়েছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ‘ইসরায়েল বার্তাটি স্পষ্ট করে দিয়েছে: আর নয়।’ এর আগে, মঙ্গলবার সিরিয়ার আলেপ্পোর কাছে আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিমানঘাঁটিতে অন্তত আটবার হামলা চালানো হয়েছে এবং পরে উপগ্রহের ছবিতে বিমানঘাঁটির রানওয়েতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

লেইটার দাবি করেন, তুরস্কের সামরিক পদক্ষেপটি ইসরায়েল ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রশাসনের মধ্যে হওয়া একটি সমঝোতার বিরোধী। এই সমঝোতার মূল বিষয় ছিল সিরিয়ায় সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি অপরিবর্তিত রাখা। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে প্যারিসে এক বৈঠকের মাধ্যমে এই সমঝোতা আবারও নিশ্চিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাক, ইয়েখিয়েল লেইটার, তৎকালীন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান গিল রাইখ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক সচিব রোমান গোফম্যান, যিনি বর্তমানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক।

অন্যদিকে, লেইটার বলেন, ‘অপরিবর্তিত রাখা’ মানে হলো, তুরস্ক তাদের অবস্থান পরিবর্তন করবে না এবং ইসরায়েলও তাদের অবস্থান পরিবর্তন করবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তুরস্ক ইসরায়েলকে তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য করবে না। সিরিয়ায় ইসরায়েল ও তুরস্কের সামরিক উপস্থিতির মধ্যে বড় পার্থক্য তুলে ধরেছেন তিনি। ইসরায়েল মাত্র ৭৮ বর্গমাইল এলাকায় একটি নিরাপত্তা অঞ্চলের মধ্যে অবস্থান করছে, অপরদিকে, গত কয়েক বছরে তুরস্ক উত্তর সিরিয়ার প্রায় ৩ হাজার ৫০০ বর্গমাইল এলাকা ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

এছাড়া, লেইটারের মতে, তুরস্কের এই উপস্থিতি বাড়ানোর নতুন পরিকল্পনাই ইসরায়েলের উদ্বেগের মূল কারণ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত ও তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক ছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা করেননি। লেইটার জানিয়েছেন, কারণ হচ্ছে, আগের সমঝোতার ভিত্তিতে সিরিয়ায় পরিস্থিতি অপরিবর্তিত রাখাই যুক্তরাষ্ট্রের প্রশাসনের নীতি। এ কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি হামলার নিন্দা করেননি বলে মনে করেছেন তিনি।

লেইটার বলেন, তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়লেও সিরিয়া ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাতে যেতে চায় না। তিনি বলেন, ‘আমাদের কাছে এটা স্পষ্ট যে সিরীয়রা আমাদের সঙ্গে সংঘাতে যেতে চায় না।’ লেইটারের দাবি, তুরস্কের পরিকল্পিত কিছু পদক্ষেপ সিরিয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। এখানে ইসরায়েল তুরস্ককে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছে, যা নতুন সংঘাত তৈরি করতে পারে। হামলার পর তুরস্ক ও সিরিয়ার বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে।

তিনি জানান, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি স্বীকার করেছেন যে ইসরায়েলি হামলার কয়েক দিন আগে তুরস্কের একটি প্রতিনিধিদল সিরিয়ায় গিয়েছিল, তবে তুরস্কের পক্ষ থেকে এ ধরনের সফরের বিষয়টি অস্বীকার করা হয়েছে। লেইটার বলেন, এই বিষয়ে তুরস্ক ও সিরিয়ার নিজেদের মধ্যেই সমাধান করা উচিত।

উত্তেজনা বাড়লেও উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে সিরিয়ার সঙ্গে সরাসরি আলোচনা আবার শুরু করতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন লেইটার। তিনি বলেন, আগে সিরিয়ার সঙ্গে যে সরাসরি আলোচনা হয়েছিল, ইসরায়েল তা আবার চালু করতে চায়। তার মতে, দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের সঙ্গেও আলোচনা করতে ইসরায়েল প্রস্তুত, তবে তিনি একই সঙ্গে তুর্কি শীর্ষ নেতাদের ইসরায়েলবিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করেন। লেইটার বলেন, ইসরায়েল তুরস্কের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু, তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বক্তব্যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে না নেওয়ার মনোভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

লেইটার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিভিন্ন ইসরায়েলবিরোধী বক্তব্য এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ‘ইসরায়েল মানবতার জন্য একটি কলঙ্ক’ মন্তব্যের কথাও উল্লেখ করেন। তিনি আরো অভিযোগ করেন, তুরস্ক হামাসের নেতাদের আশ্রয় দিচ্ছে এবং হিজবুল্লাহ ও হামাসকে অর্থ সহায়তা দিচ্ছে, যা ইসরায়েল মনে করে এই সংগঠনগুলো ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। লেইটারের মতে, এমন পরিস্থিতিতে লেবানন ও সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ানোকে ইসরায়েল ভালোভাবে দেখছে না। তিনি বলছেন, বর্তমান পরিস্থিতিতে তুরস্ক মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে এমন কোনো শক্তি হতে পারে না।

তুরস্কের সঙ্গে সম্পর্কের বিষয়ে, সম্পূর্ণভাবে দরজা বন্ধ করতে চান না লেইটার। তিনি বলেন, কয়েক দশক আগে ইসরায়েল ও তুরস্কের মধ্যে যে সম্পর্ক ছিল, তা আবার ফিরিয়ে আনা সম্ভব হলে তিনি সেটি চান। তিনি জানান, অতীতে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাবকে ইতিবাচকভাবে দেখত। কিন্তু যখন তুরস্ক ইসরায়েলের অভিযোগ অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, তখন এই অঞ্চলে আঙ্কারার সামরিক ও রাজনৈতিক প্রভাব বাড়ানোকে ইসরায়েল যুক্তিসংগত মনে করছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের বিপক্ষে বড় লিডে এগিয়ে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ এম


পাকিস্তানের বিপক্ষে বড় লিডে এগিয়ে ইংল্যান্ড

প্রথম ইনিংসে পাকিস্তান দলের ব্যাটারদের দায়িত্বহীনতার মাশুল গুনে দলটি সর্বমোট ১৭১ রানে অলআউট হয়েছে। তবে বল হাতে ঘুরে দাঁড়ানোর এক ক্ষীণ আশা জাগিয়েছিলেন ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা স্পিনার আলি উসমান।

অলি উসমান ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলেছেন। যদিও তার এই অনন্য কীর্তির পরেও সফরকারীরা স্বস্তিতে নেই। কারণ, ইংল্যান্ড ইতোমধ্যে জো রুট ও হ্যারি ব্রুকের দারুণ ব্যাটিংয়ের মাধ্যমে ১৯৫ রানের বিশাল লিড চাপিয়ে দিয়েছে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের খেলায় ইংলিশদের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৬৬ রান।

হেডিংলিতে শুরুতেই ধাক্কা সামলে ইংলিশ দলের শক্ত ভিত গড়ে দেন জো রুট ও জর্ডান কক্স। তারা দুজন মিলে ১৫০ রানের একটি দুর্দান্ত জুটি তৈরি করেন। এই জুটির জন্যই পাকিস্তানের বোলিং আক্রমণ খেই হারাতে বাধ্য হয়। কক্স ১০০ বলে ১৪টি চারের সাহায্যে ৭৩ রান করে বিদায় নেন।

তার বিদায়ের মাত্র ৪ বল পরেই মাঠ ছাড়েন রুটও (১১২ বলে ৬৬ রান)। এ ইনিংসে ব্যাট করে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সমান হয়ে যান তিনি। এটি টেস্টের জন্য তার ৪৮তম ফিফটি এবং অধিনায়ক হিসেবে ৪২তম ফিফটি হাঁকিয়ে ইতিহাসের বিশেষ এক ক্লাবে নাম লেখান রুট। এই তালিকায় তার আগে আছেন বিশ্ব ক্রিকেটের আর মাত্র চার অধিনায়ক।

রুটের বিদায়ের পর পাকিস্তানের কাঁধে আরও বোঝা চাপান হ্যারি ব্রুক ও ড্যান লরেন্স। তারা পঞ্চম উইকেটে ১২০ রানের দ্রুত গতির জুটি গড়ে দলকে বিশাল লিডের পথে নিয়ে যান। লরেন্স ৭৯ বলে ৫১ রান করে সাজঘরে ফিরলেও, ব্রুক সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু ৯১ রানে এসে আলি উসমানের বলে বোল্ড হয়ে ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে (৯৩ বলে ৯১ রান)। দিন শেষে ইংলিশদের একমাত্র স্বীকৃত ব্যাটার জেমি স্মিথ ১৬ রানে অপরাজিত আছেন।

এদিকে ইংল্যান্ড দলের বড় রান গড়লেও, এক প্রান্তে আলো ছড়ানোর কাজটি করেছেন পাকিস্তানের স্পিনার আলি উসমান। তিনি ইংলিশদের ৫ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে প্রথমবারের মতো ‘ফাইফারের’ স্বাদ পেলেন। একইসাথে গত এক দশকে ইংল্যান্ডের মাটিতে কোনো পাকিস্তানি স্পিনার হিসেবে প্রথম ৫ উইকেট শিকার করার মাইলফলকও তিনি স্পর্শ করেছেন, যার সর্বশেষ কীর্তিটি ছিল ২০১৬ সালে ইয়াসির শাহর। বাকি ৩টি উইকেট দলের হয়ে ভাগাভাগি করেন মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ এবং মোহাম্মদ আলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার দিন আগেভাগে মসজিদে গেলে যে সওয়াব মিলবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ এম


জুমার দিন আগেভাগে মসজিদে গেলে যে সওয়াব মিলবে

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। এ দিন জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে যাওয়ার প্রতি বিশেষ উৎসাহ দেয়া হয়েছে রাসুলুল্লাহ (সা.) এর তরফ থেকে। হাদিসে উল্লেখ আছে সময়মতো গোসল করে দ্রুত মসজিদে যাওয়ার অনেক বড় ফজিলতের কথা।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

«مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً...»

অর্থাৎ, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করে প্রথম সময়ে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল। যদি দ্বিতীয় সময়ে যায় তবে সে গরু কোরবানির সওয়াব পাবে, তৃতীয় সময়ে গেলে শিংওয়ালা দুম্বা কোরবানির সওয়াব, চতুর্থ সময়ে গেলে মুরগি সদকা করার সওয়াব এবং পঞ্চম সময়ে গেলে ডিম সদকা করার সওয়াব প্রাপ্ত হবে।

এরপর যখন ইমাম খুতবার জন্য বের হন, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে খুতবা শুনতে থাকেন। (সহিহ বুখারি, হাদিস: ৮৮১; সহিহ মুসলিম)

আরেক হাদিসে আরও উল্লেখ আছে জুমার দিন আগে মসজিদে যাওয়ার বড় ফজিলত সম্পর্কে।

হযরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে সকাল সকাল মসজিদের দিকে রওনা দেয়, যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে যায়, ইমামের কাছে বসে মনোযোগ সহকারে খুতবা শোনে এবং কোনো অপ্রাসঙ্গিক কাজে লিপ্ত না হয়, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর রোজা রাখা এবং রাতে নফল নামাজ আদায়ের সমপরিমাণ বিশাল সওয়াব লেখা হয়।

(সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৫)

জুমার দিন অতএব, শুধুমাত্র নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়া নয়, বরং আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা, গোসল করা, দ্রুত মসজিদে পৌঁছানো এবং মনোযোগ দিয়ে খুতবা শোনার মধ্যেও বিশেষ ফজিলত নিহিত রয়েছে। মুসলমানদের উচিত জুমার দিনের এই মূল্যবান সময়কে গুরুত্ব দিয়ে ইবাদতে কাটানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ এম


উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার (২১ আগস্ট) সারাদেশে একযোগে শুরু হতে চলেছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ২৮৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাউবি সূত্রে জানা গেছে, এবারের বিএ ও বিএসএস পরীক্ষার ১ম থেকে ৬ষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ৪৩৬ জন নারী পরীক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার ও শনিবার সকালে এবং বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত এ পরীক্ষার আয়োজন চলবে।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সার্বিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কর্তব্য পালন করবে।

পরীক্ষা-সংক্রান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝুঁকি সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি বন্ধের সম্ভাবনা কম চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ এম


ঝুঁকি সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি বন্ধের সম্ভাবনা কম চীনের

চীন মার্কিন নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি থাকা সত্ত্বেও ইরান থেকে কম মূল্যে তেল আমদানি অব্যাহত রাখবে বলে মনে করা হচ্ছে। কারণ এই তেল দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এবং চীনা অর্থনীতিতে বড় পরিসরে ছাড়ের সুবিধা যোগায়।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসি’-র জ্যেষ্ঠ গবেষক এরিকা ডাউন্সের মতে, যেসব দেশ ইরানের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চীনও রয়েছে, যারা গত বছর ইরানি অপরিশোধিত তেলের সর্ববৃহৎ ক্রেতা হিসেবে পরিচিত ছিল।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এরিকা ডাউন্স বলেন, ‘ট্রাম্প প্রশাসন যদি ইরানি তেল পরিবহনের সাথে জড়িত চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তবে তা মূলত একটি হিসাব-নিকাশের বিষয় হয়ে দাঁড়ায়: ট্রাম্প প্রশাসন কীভাবে ওইসব চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার লাভ এবং এর পেছনে জড়িয়ে থাকা ক্ষতির দিকটি পরিমাপ করছে।’

তিনি আরও উল্লেখ করেন, মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা আঘাত হানার সক্ষমতা রাখে চীন। যার মধ্যে বিরল খনিজ উপাদান রফতানি সীমিত করার পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জানান, চীন কর্তৃক ইরানি তেল আমদানি কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। তবে চীনা কাস্টমসের তথ্যে এই তেল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো অন্যান্য দেশ থেকে আসা আমদানি হিসেবে লিপিবদ্ধ থাকায় বিষয়টি নিশ্চিত করা কঠিন।

তিনি আরও বলেন, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পরও চীন ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে গেছে। কেবল এপ্রিলের মাঝামাঝি সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করার পর এই সরবরাহের গতি কিছুটা ধীর হয়।

ডাউন্স জানান, হরমুজ প্রণালির বাইরে জলসীমায় এখনও বেশ কিছু ইরানি তেলের জাহাজ অবস্থান করছে, যা চীনে সরবরাহ করার সম্ভাবনা রয়েছে।

তিনি এই মুহূর্তে মনে করেন না যে চীন তাদের ইরানি তেল আমদানি একদম শূন্যে নামিয়ে আনবে।

তিনি জানান, এর মূল কারণ হলো- ইরান থেকে চীনে তেল পৌঁছানোর প্রক্রিয়ায় যেসব প্রতিষ্ঠান জড়িত রয়েছে, প্রতিবার নতুন কোনো নিষেধাজ্ঞা দিলে তারা সেটির একটি বিকল্প পথ খুঁজে বের করার প্রবণতা দেখায়।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%