প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের সরকার ব্যবসা পরিচালনাকারী বড় বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ন্যূনতম ১৫ শতাংশ কর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন করব্যবস্থা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে, সৌদিতে ব্যবসা করা সব প্রতিষ্ঠান এই নিয়মের আওতায় আসবে না। এটি নির্দিষ্ট আয়ের সীমা পূরণকারী বহুজাতিক কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য হবে।
খালিজ টাইমসের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জেডএটিসিএ) নতুন করব্যবস্থার আওতা এবং শর্তাবলি প্রকাশ করেছে। কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় কমপক্ষে ৭৫ কোটি ইউরো, কেবল সেসব প্রতিষ্ঠানকে নতুন কর দিতে হবে। ইউরোর পাশাপাশি সৌদি রিয়ালে সমপরিমাণ আয়ের হিসাবও বিবেচনায় নেওয়া হবে।
তবে, নির্ধারিত আয়ের সীমা একবার পূরণ করলেই কোনো প্রতিষ্ঠান এই করের আওতায় আসবে না। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুই বছর ওই আয়সীমা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বহুজাতিক গোষ্ঠীর মূল প্রতিষ্ঠানের সম্মিলিত আর্থিক বিবরণীকে ভিত্তি হিসেবে ধরা হবে।
জেডএটিসিএ জানিয়েছে, এই কর মূলত আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক গোষ্ঠীর আওতাভুক্ত যোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত। যেসব স্থানীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত নয় কিংবা কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, তাদের ওপর নতুন এই নিয়ম কার্যকর হবে না।
নতুন ব্যবস্থায় সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ন্যূনতম ১৫ শতাংশ নিশ্চিত করা হবে। কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে করের কার্যকর হার এর চেয়ে কম হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আরোপ করা হতে পারে। তবে, এই কর প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর ধার্য করা হবে না; বরং মুনাফার বিপরীতে কার্যকর করের হার ১৫ শতাংশে উন্নীত করাই এর লক্ষ্য।
বৈশ্বিক করব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য
বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দেওয়া এবং কম করের দেশে মুনাফা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সৌদি আরবের নতুন করব্যবস্থা তারই অংশ।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মূল উদ্দেশ্য হলো, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেন বিভিন্ন দেশের করব্যবস্থার সুযোগ নিয়ে প্রকৃত করের পরিমাণ কমিয়ে ফেলতে না পারে, তা নিশ্চিত করা।
নতুন নিয়মের আওতায় পড়তে পারে এমন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে করসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে জেডএটিসিএ।
সূত্র: গালফ বিজনেস
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন