০৬:০০ পি.এম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে।
মন্ত্রী বলেন, দেশে যদি হেপাটাইটিস বি–এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয় তাহলে রোগীদের বিদেশমুখিতা এবং চিকিৎসার খরচ কমানো যাবে, ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
সোমবার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির আয়োজনে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা উল্লেখ করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘Elimination for everyone, Everywhere, Right now.’
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত, কিন্তু তারা বিষয়টি সম্পর্কে অবহিত না। মন্ত্রী জানান, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের ফলে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়নের জন্য বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ হতে সাহায্য করবে। এছাড়াও, তিনি অন্যান্য মেডিকেল কলেজগুলোকে এই ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান।
আলোচনার সময়, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সকল গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানালে মন্ত্রী বলেন, এ দাবি সময়োপযোগী। প্রকৃতপক্ষে তা বাস্তবায়ন করার জন্য তিনি তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএমইউ এর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল এর চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন