০২:৪৫ এম
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সম্পন্ন হলো অধ্যাপক, সিনিয়র সাংবাদিক ও কবি শাহ আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এই শোকসভার আয়োজন করা হয়। কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সদ্য প্রয়াত এই বাংলা বিভাগীয় প্রধানের স্মরণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রিয় শিক্ষকের আকস্মিক চলে যাওয়ার বেদনায় পুরো মিলনায়তন জুড়ে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবাই মরহুম শাহ আলম জাহাঙ্গীরকে একজন ছাত্রবান্ধব শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও সর্বোপরি মানুষ গড়ার অন্যতম কারিগর হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা জীবনে উনি যে ব্যতিক্রমী পাঠদান করেছেন, জীবনযাপনের প্রকৃত মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক উন্নয়নের উপদেশ শিক্ষার্থীদের জীবনে আজীবন পাথেয় হয়ে থাকবে। প্রয়াত শাহ আলম জাহাঙ্গীরের মতো একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বন্ধুসুলভ ও আদর্শ শিক্ষকের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।
আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রয়াত অধ্যাপকের সহধর্মিণী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেনা বেগম, কলেজের প্রাক্তন প্রভাষক ও বর্তমানে হাবিবুল্লাহ বাহার কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মশিউর রহমান এবং অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের বড় মেয়ে নাসরীন ফারহানা পপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী, ঢাকাস্থ অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন ঢাকা এপিবিএন-এর সহকারী উপ-পুলিশ পরিদর্শক জনাব মো. নজরুল ইসলাম।
শোকসভায় স্যারের পরিবারবর্গ ছাড়াও ১৯৯৭ থেকে ২০২৫ ব্যাচ পর্যন্ত বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব জনাব রহিমা আক্তার, রবি আজিয়াটা পিএলসির ঢাকা রিজিওনাল হেড জনাব শাহজালাল, গ্লোবাল বায়োটেক-ঢাকার জনাব ড. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার জনাব নাসরিন সুলতানা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জনাব নুরুল ইসলাম, ট্যাক্স ইন্সপেক্টর মো. কামরুল হাসান, রয়্যাল ইউনিভার্সিটি-ঢাকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. হালিমুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মাইনউদ্দিন।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন