০৫:২৩ পি.এম
পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থী (১৪) জোরপূর্বক বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন নির্ধারণ করা হলেও, আগের দিনই ওই ছাত্রী তার মাদরাসার সুপারের কাছে লিখিত আবেদন করে বিয়ে বন্ধ করার এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানায়। অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।
ওই কিশোরী উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বর্তমানে ওই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে। তার জন্ম ২০১২ সালে, ফলে বর্তমানে তার বয়স ১৪ বছর।
রবিবার (৮ নভেম্বর) বিয়ে বন্ধের জন্য মাদরাসা সুপার বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছে ওই কিশোরী। আবেদনপত্রে সে উল্লেখ করেছে, ‘বিনীত নিবেদন এই যে আমি আপনার মাদরাসার সপ্তম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। পরিবার জোরপূর্বকভাবে আমার বিবাহ ঠিক করিয়াছে। আগামী ৯ নভেম্বর যোহর নামাজের পরে আমাকে স্বর্ণ পরোতে আসবে। যা আমার ইচ্ছের বাইরে কাজ করতেছে, আমি লেখাপড়া করতে চাই।’
আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত
আবেদনে সে আরো জানায়, ‘আমি যাদি পরিবারের মধ্যে অতিরিক্ত হয়ে থাকি তাহলে আমার মাদরাসার দায়িত্ব আমাকে লেখাপড়া করাবে তবুও আমি এখন বিবাহে বসব না। অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন এইযে যাহাতে আমার বিবাহ না হয়, তার সুব্যবস্থা করতে আপনার মর্জি হয়।’
মাদরাসার সুপার মো. হারুন অর রশিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তিনি জানান, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমার কাছে করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।’
গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারা এ বিষয়ে কাজ করে থাকেন।
গলাচিপা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা জানান, তিনি বিষয়টি জানেন না। তার প্রশাসনিক ক্ষমতা নেই।
আরও পড়ুন: বিদেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, বিষয়টি জেনেছি। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।
বাংলাদেশে মেয়েদের বিয়ের জন্য ন্যূনতম আইনগত বয়স ১৮ বছর হতে হয়। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। সে হিসেবে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজন আইনবিরোধী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন