প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এস্কেভেটর ব্যবহার করে সুলতানা বেগম নামের এক নারীর বাড়িঘর ভেঙে জমি দখলের চেষ্টার ঘটনায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্দেশ্যে বলেন, রাত ৪টার পর এমন একটি ঘটনা ঘটে, কিন্তু পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। একটি ভেকু মেশিন নিয়ে শত শত লোকের উপস্থিতিতে এতো বড় ঘটনা ঘটেছে। থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি বারবার নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করা প্রয়োজন।
এ সময় মামুন মাহমুদ ঘটনাটিকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেন এবং তীব্র নিন্দা জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত ভোর রাত ৪টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মোসা. সুলতানা বেগমের বাড়িঘর এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে রাস্তায় অবস্থান নেন এবং প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার দাবি করেন।
ভুক্তভোগী সুলতানা বেগম অভিযোগ করেন, পৈতৃক ও ক্রয়কৃত ১২ শতাংশ জমিতে তিনি ও তার পরিবার দীর্ঘ চার দশক ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন।
তিনি জানান, স্থানীয় প্রভাবশালী পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন আলম, সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।
বাড়িঘর ভাঙচুরের বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন সময় সংবাদকে বলেন, রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে যারা এই অন্যায় কাজ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন