১২:৫৩ পি.এম
নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেয়ার ব্যবসায় জড়িত হয়েছেন স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কিছু কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সংঘাত সৃষ্টি করেছেন। বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে এসেছে। কমিশন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
পুঁজিবাজারের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় বিএসইসির কঠোর নির্দেশনাকে অগ্রাহ্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। অভিযোগ রয়েছে যে, তিনি আইন লঙ্ঘন করে অবৈধভাবে শেয়ার লেনদেন অব্যাহত রেখেছেন, যদিও তিনি পুঁজিবাজারের শীর্ষ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ওয়াজিদ হাসানের পাঁচটি বিও হিসাব রয়েছে, যার মধ্যে তিনটি বর্তমানে সক্রিয়। তিনি এসব হিসাবে নিয়মিত শেয়ার কেনাবেচা করছেন।
আরও পড়ুন: নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে চাঁদপুর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেফতার
বিএসইসির নির্দেশ অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের পুঁজিবাজারে যেকোনো সিকিউরিটিজে বিনিয়োগের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন-কনভার্টিবল বন্ড, সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ব্যতীত পুঁজিবাজারের অন্য কোনো শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না। কিন্তু বিএসইসির এই সুস্পষ্ট আইন ও নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। তিনি নিষিদ্ধ ক্যাটাগরির শেয়ারে নিয়মিত লেনদেন চালিয়ে যাচ্ছেন, যদিও তিনি প্রতিষ্ঠানের শীর্ষ নীতিনির্ধারক।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে এবং বাজারের ভেতরের সংবেদনশীল তথ্যের অপব্যবহার রোধ করতেই বিএসইসি এই নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে যাদের ওপর পুঁজিবাজারের সুশাসন ও নৈতিকতা শিক্ষাদানের দায়িত্ব, সেই বিআইসিএমের শীর্ষ কর্মকর্তাই যদি প্রকাশ্যে নিয়ন্ত্রক সংস্থার আদেশ লঙ্ঘন করেন, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা তলানিতে গিয়ে ঠেকবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ আমার দেশকে বলেন, "আমি চাকরিতে যোগদানের সময় শেয়ারব্যবসা পরিচালনার বিষয়ে বলে নিয়েছি। আমি ৩০ বছর ধরে শেয়ারবাজারে বিনিয়োগ করে আসছি।"
আরও পড়ুন: কক্সবাজারে ৮ বছর পর ছোট ভাই হত্যার অভিযোগে বড় ভাই গ্রেফতার
অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) চাকরি বিধিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী বা তাদের ওপর নির্ভরশীল আট ধরনের নিকটাত্মীয় (বাবা-মা, স্ত্রী-স্বামী, ছেলেমেয়ে, ভাইবোন, শ্বশুর-শাশুড়ি ও শ্যালক-শ্যালিকা) কোনোভাবেই সিকিউরিটিজ বা শেয়ারব্যবসার সঙ্গে জড়িত হতে পারবেন না। এমনকি ডিএসইতে যোগদানের আগে কোনো শেয়ারব্যবসা বা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব থাকলে চাকরিতে প্রবেশের আগেই তা বন্ধ (ক্লোজ) করার স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ডিএসইর কেউ কেউ নামে-বেনামে শেয়ারব্যবসা করেছেন। এর মধ্যে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কেনাবেচা হয়েছে। এসব কোম্পানির কয়েকটি শেয়ার নিয়ে অতীতে কারসাজির অভিযোগ ছিল।
এর আগে ২০১৬ সালে রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য আটকে রাখার অভিযোগ উঠেছিল শফিকুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনার পর তাকে ডিএসইর লিস্টিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাকে আর ওই বিভাগে পদায়ন করা হয়নি। এসব অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে বারবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে মশিউর সিকিউরিটিজের অনিয়মে ডিএসই ও বিএসইসির একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ১৬১ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালের পরপরই ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের একটি পরিদর্শন দল মশিউর সিকিউরিটিজে গিয়ে ৫০ কোটি টাকার বেশি ঘাটতি শনাক্ত করেছিল। কিন্তু আইনি পদক্ষেপ না নিয়ে তৎকালীন মনিটরিং দলের সদস্য বিমল চন্দ্র মণ্ডল বেনামে তিনটি বিও হিসাব খুলে নিজেই শেয়ারব্যবসা করেছেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির এক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
জানা গেছে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিএসই মশিউর সিকিউরিটিজে প্রায় ১০ বার পরিদর্শন চালিয়েও কোনো ঘাটতি বা অনিয়ম খুঁজে পায়নি। ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রথমবারের মতো ব্রোকারেজ হাউসের সিসিএতে ৩ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি শনাক্ত করে ডিএসই। ২২ অক্টোবর শর্তারোপ করা হলেও, কমিশন ২৩ অক্টোবর এক চিঠিতে ঘাটতি সমন্বয়ের সময়সীমা ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেয় এবং সম্পূর্ণ বেআইনিভাবে ‘ফ্রি-লিমিট’ সুবিধা বহাল রাখে। পরবর্তীকালে ২০২৪ সালের ২৪ জুন আরেকটি চিঠির মাধ্যমে এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
আরও পড়ুন: রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীকে হত্যার অভিযোগ
অভিযোগের বিষয়ে বিমল চন্দ্র মণ্ডল যোগসাজশ ও অনৈতিক সুবিধার বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে শেয়ার ব্যবসার বিষয়ে তিনি আমার দেশকে বলেন, "আমি শেয়ারব্যবসা করিনি। আমার ভাই গৌতম চন্দ্র মণ্ডল ব্যবসা করেছে।"
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নিলে চিত্র পাল্টে যায়। ডিএসইর মনিটরিং টিম মশিউর সিকিউরিটিজে আকস্মিক ভিজিট করে সিসিএ ও শেয়ারহোল্ডিং পজিশনে মোট ১৬১ কোটি টাকার ঘাটতি বা আত্মসাৎ শনাক্ত করে ২৮ আগস্ট কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে ডিএসইর এমডি নুজহাত আনোয়ার আমার দেশকে বলেন, "এ বিষয়ে ডিএসইর কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান আমার দেশকে বলেন, "বিষয়টি কমিশনের নজরে এসেছে। বেশ কয়েকজন জড়িত। তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে।"
আরও পড়ুন: আইনি সেবা দেওয়া আইনজীবীর কর্তব্য: অ্যাটর্নি মঈন চৌধুরী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন