ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দারিদ্র্য থেকে মুক্তি, তবু লাখো ভারতীয়দের দুবেলা খাবার জোটে না


দারিদ্র্য থেকে মুক্তি, তবু লাখো ভারতীয়দের দুবেলা খাবার জোটে না

ভারত দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। এই সময়ের মধ্যে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। তবে কাগজে-কলমে দারিদ্র্য থেকে মুক্তি পেলেও বাস্তবে লাখো মানুষের জীবন এখনও অভাব ও অনটনে কাটছে।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে দেখা গেছে, ভারতের অনেক পরিবার দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করলেও যেকোনো আর্থিক সংকটে তারা আবারও চরম দারিদ্র্যের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মূল্যবৃদ্ধি, ঋণের বোঝা, চিকিৎসার খরচ এবং অনিশ্চিত কর্মসংস্থান তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে।

রাজস্থানের ২৫ বছর বয়সী হেমা প্রজাপতির পরিবার এই পরিস্থিতির একটি উদাহরণ। তিনি মাসে প্রায় ১১ হাজার রুপি আয় করেন, কিন্তু তিন সদস্যের সংসার চালাতে তাকে প্রচুর কষ্ট করতে হয়। বাড়তি আয়ের জন্য তিনি ঘর পরিষ্কার এবং থালাবাসন ধোয়ার কাজ করেন। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ঋণের কারণে মাসের শেষ দিকে খাবার কেনার জন্য টাকাও থাকে না।

আরও পড়ুন: জাপানের আকাশসীমায় রাশিয়ার ২টি বিমান প্রবেশ, টোকিওর যুদ্ধবিমান মোতায়েন

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ভারতের দারিদ্র্য হ্রাসের পেছনে সরকারি খাদ্য সহায়তা এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধির ভূমিকা রয়েছে। দেশটির প্রায় ৮০ কোটি মানুষ প্রতি মাসে বিনা মূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য পান। তবে বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্যসীমার হিসাব দিয়ে মানুষের প্রকৃত জীবনযাত্রার মান বোঝা যায় না। মহামারি, বন্যা, খরা কিংবা চিকিৎসার অতিরিক্ত খরচের মতো একটি ধাক্কাই অনেক পরিবারকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবির রিসার্চ সিস্টেম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবির রিসার্চ সিস্টেম

হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) কাজ করছে।

এই উদ্দেশ্যে প্রাইম ব্যাংক পিএলসি-এর অর্থায়নে ‘হাওর অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ পরিচালিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর অঞ্চলের কৃষক, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিদের উৎপাদন ও আয় বৃদ্ধির পাশাপাশি নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হাওর অঞ্চলের জন্য একটি সমন্বিত ও অনুসরণযোগ্য জলবায়ু সহনশীল উন্নয়ন মডেল গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে।

এমনটাই জানিয়েছেন প্রকল্পের প্রধান গবেষক বাকৃবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং প্রধান সমন্বয়কারী কৃষিবিদ ড. পরেশ কুমার শর্মা।

গবেষকবৃন্দ জানান, হাওর অঞ্চল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন এলাকা। তবে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, মৌসুমি উৎপাদন ঝুঁকি, রোগবালাই এবং বাজারব্যবস্থার সীমাবদ্ধতা এ অঞ্চলের মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পরিবেশ ও সম্পদের উপযোগী প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থার বহুমুখীকরণ এবং কৃষক ও খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পের আওতায় হাওর উপযোগী জলবায়ু সহনশীল ফসল উৎপাদন, বিশেষ করে ধান, সরিষা ও ভুট্টার উন্নত উৎপাদন পদ্ধতি সম্প্রসারণ, হাঁস পালন ও উন্নত প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, মূল্য সংযোজন ও কৃষিপণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিকল্প আয়বর্ধক কর্মকাণ্ড এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা যায়।

অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, প্রকল্পটি শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত উন্নয়ন, আয়বর্ধন, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীল জীবিকা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। প্রকল্পের প্রতিটি কার্যক্রম স্থানীয় জনগণের চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ড. পরেশ কুমার শর্মা বলেন, এ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তিকে সরাসরি মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। প্রকল্প বাস্তবায়নে সুবিধাভোগীদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় চাহিদা ও অভিজ্ঞতার প্রতিফলন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা হলে প্রকল্পের কার্যকারিতা ও স্থায়িত্ব বৃদ্ধি পাবে।

প্রকল্পের বিষয়ে বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা, জলবায়ু ঝুঁকি এবং মানুষের আর্থসামাজিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তি ও উদ্ভাবনকে কৃষক, মৎস্যচাষি ও খামারিদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এক্ষেত্রে সুবিধাভোগীদের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা যায়, প্রকল্পের আওতায় সম্প্রতি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট গবেষকবৃন্দ ও বাউরেস পরিচালক ছাড়াও বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল ইসলাম, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি, নারী উদ্যোক্তা, উপকারভোগী এবং সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁরা হাওর অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ উৎপাদনের বিদ্যমান সমস্যা, মৎস্যসম্পদের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ এবং পরিবারের আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন

ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের সূত্র ধরে দেশটির সংবাদমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে।

সোমবার (১৬ নভেম্বর) সিএনএনসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়।

তবে মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান আপাতত সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখার চেষ্টা করছে। এই তথ্যের অর্থ এই নয় যে, দেশটি শিগগিরই হামলা চালাতে যাচ্ছে। ইরান আদৌ এমন হামলা চালাতে সক্ষম কি না, কিংবা হামলার সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার এখনো আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোকে দুটি সূত্র জানিয়েছে, ইরানের কথিত পরিকল্পনায় হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এই কারণে সম্ভাব্য হামলা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো।

সূত্রগুলোর দাবি, গত এক সপ্তাহে এ হুমকি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে আগাম পরিকল্পনা নেওয়াকে একজন কর্মকর্তা ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ওয়াশিংটনের সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের চাপে ইরান সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। নতুন গোয়েন্দা তথ্যকে তেহরানের এমন মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন তারা।

উল্লেখ্য, ‘ডার্টি বোমা’ হলো এমন এক ধরনের প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত থাকে। বিস্ফোরণের মাধ্যমে এটি তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে। তবে এটি পারমাণবিক বোমা নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানামা বন্ধ তামার খনি পুনরায় চালুর জন্য কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


পানামা বন্ধ তামার খনি পুনরায় চালুর জন্য কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ২০২৩ সালে ব্যাপক গণবিক্ষোভের কারণে বন্ধ হয়ে যাওয়া বিশাল উন্মুক্ত তামার খনিটি পুনরায় চালুর জন্য কানাডার একটি খনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে পানামা। এ বিষয়ে সোমবার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট কোয়ান্টাম মিনারেলসের পরিচালনাধীন ‘কোব্রে পানামা’ খনিটি পুনরায় চালুর লক্ষ্যে আলোচনা হবে। একসময় এই খনি থেকে উৎপাদিত তামা পানামার মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ এবং দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান অবদান রাখত।

খনিটি বন্ধ করে দেওয়ার ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২৭ বিলিয়ন ডলার দাবি করেছে। এই অর্থ পানামার মোট জিডিপির প্রায় ৩০ শতাংশের সমান। সরকারের একটি কমিশন বিতর্কিত এই খনিটি পুনরায় চালুর সুপারিশ করেছে। কমিশনের মতে, খনিটি চালু হলে প্রয়োজনীয় অর্থের সংস্থান হবে, যা খনিটি যথাযথভাবে বন্ধ করার কাজে ব্যবহার করা যেতে পারে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছরও লেগে যেতে পারে।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুলিনো কানাডীয় প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা মিনেরা পানামার সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্তের কথা জানান। তবে আলোচনা কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

২০২৩ সালে পানামার সুপ্রিম কোর্ট খনিটির ইজারা চুক্তিকে অসাংবিধানিক ঘোষণা করে। আদালতের মতে, চুক্তিটি পরিবেশ সুরক্ষা এবং সরকারি দরপত্রসংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করেছে।

এর আগে খনির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের ফলে মধ্য আমেরিকার দেশটির বিভিন্ন এলাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল।

তবে তিন বছর পর খনিটির আশপাশের কিছু বাসিন্দা এখন এটি পুনরায় চালুর দাবি জানাচ্ছেন। তাদের যুক্তি, খনিটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলের হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর, মানি লন্ডারিং অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর, মানি লন্ডারিং অভিযোগে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর সাঈদ খোকনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর নামও রয়েছে।

২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%