১০:১৫ পি.এম
গত চার অর্থবছরে অভিভাবকহীন অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অবস্থানরত ১,৩৮৯ জন ভারতীয় শিশু ও নাবালককে নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (ইউএসসিবিপি)। তবে, এসব শিশুর কাউকেই এখনো ভারতে ফেরত পাঠানো হয়নি।
মার্কিন প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ অর্থবছরে ৭৩০ জন এবং ২০২৪ অর্থবছরে ৫১৭ জন অভিভাবকহীন ভারতীয় শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে, ২০২৫ অর্থবছরে এই সংখ্যা কমে ৯১ জনে দাঁড়ায় এবং ২০২৬ অর্থবছরে তা আরও কমে ৫১ জনে নেমে আসে। সর্বশেষ ২০২৭ অর্থবছরের প্রথম মাস অক্টোবর ২০২৬-এ অভিভাবকহীন ভারতীয় শিশু শনাক্তের সংখ্যা ছিল মাত্র ২ জন।
শুধু ভারতীয় শিশু নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও অভিভাবকহীন নাবালক আটকের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন তথ্য বলছে, ২০২৪ অর্থবছরে বিভিন্ন দেশের প্রায় ১ লাখ ১০ হাজার অভিভাবকহীন শিশুকে শনাক্ত করা হলেও, ২০২৫ সালে তা কমে ২৯ হাজার ৫৮৪ এবং ২০২৬ সালে ৯ হাজার ১৯০-এ নেমে এসেছে। এ বছর অক্টোবর মাসে সব মিলিয়ে ৭২২ জন অভিভাবকহীন শিশুকে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
অভিবাসন সংশ্লিষ্ট সূত্র ও বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি, সীমান্তে বাড়তি নজরদারি এবং দ্রুত বহিষ্কারের পদক্ষেপের ফলে অভিভাবকহীন শিশুদের সীমান্তে পাঠানোর প্রবণতা কমেছে। অভিযোগ রয়েছে, অতীতে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার সুযোগ তৈরির আশায় অনেক সময় নাবালকদের 'গ্রিন কার্ড ব্রিঙ্গার' হিসেবে ব্যবহার করা হতো বা দালালদের মাধ্যমে একা সীমান্ত পার করানো হতো।
যদিও শিশুদের ক্ষেত্রে এই প্রবণতা কমেছে, তবে প্রাপ্তবয়স্কদের অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা এখনো থামেনি। ২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টার ক্ষেত্রে ২১টি দেশের মধ্যে ভারতের অবস্থান তৃতীয়—মেক্সিকো ও কানাডার ঠিক পরেই। এ সময় ভারতীয় নাগরিকদের সঙ্গে মার্কিন সীমান্তরক্ষীদের ৩০ হাজার ৫২৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে আগে থেকেই অবস্থানরত কিছু ভারতীয় কিশোর-কিশোরীর মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। গুজরাটের কড়ি শহরের এক ব্যবসায়ী জানান, ২০১২ সালে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলেও, তার ১৭ বছর বয়সী ছেলে ১২ বছর বয়স থেকে টেক্সাসে রয়েছে এবং আটক বা ফেরত পাঠানোর ভয়ে অ্যাসাইলাম শুনানিতে যেতেও শঙ্কিত হয়ে পড়েছে। সূত্র: টিওআই।
আরও পড়ুন: লিবিয়ায় রুশ জাহাজে হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আঘাতের ইঙ্গিত মস্কোর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন