ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ফ্রান্সে ব্যাপক সহিংসতা, ইউরোপের চার দেশে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি


ফ্রান্সে ব্যাপক সহিংসতা, ইউরোপের চার দেশে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং আবাসনসংকটের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগাল।

গতকাল শনিবার, এসব দেশের রাজপথে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন। ফ্রান্সে বিক্ষোভের ফলে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটিতে ৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২০০ জনকে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইউরোপের অন্যান্য দেশগুলোতেও অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে।

শনিবার, ফ্রান্সে কয়েক দশকের মধ্যে অন্যতম উত্তাল বিক্ষোভের দিন ছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সেদিন দেশজুড়ে ৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সহিংস গোষ্ঠীগুলো সরকারি ভবন, বিলাসপণ্যের দোকান ও সুপারমার্কেটে হামলা চালায়। পুলিশের গাড়ি ও সদস্যদের ওপরও হামলা হয়।

আরও পড়ুন: অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, বিক্ষোভে ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন ১৫০ জন পুলিশ সদস্য। মধ্য প্যারিসে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, “ক্ষয়ক্ষতি আরো বেশি হয়নি, এটাই অলৌকিক ঘটনা।”

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ, লিল, তুলুজ ও স্ত্রাসবুর্গে অসংখ্য দোকানে লুটপাট চালানো হয়েছে। প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার মন্তব্য করেছেন, রাজধানীর পুরো সড়ক “বিধ্বস্ত হয়ে গেছে।”

লিমোজ শহরে মুখোশধারী বিক্ষোভকারীদের দেওয়া আগুনে ১৪০ বছরের বেশি পুরোনো টাউন হলের বড় অংশ পুড়ে গেছে। মার্সেই ও লিল শহরের টাউন হলে ভাঙচুর চালানো হয়েছে। লিয়ঁ শহরে বিক্ষোভকারীরা পর্যটন দপ্তরে আগুন ধরিয়ে দেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এসব ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে এবং শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন: প্রথম ৯ মাসে সৌদি এনার্জির রাজস্ব আয় ১২ শতাংশ বেড়ে ৮,৭২০ কোটি রিয়াল

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন। শনিবারের বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়েছেন এবং আগুন ধরিয়ে দিয়েছেন। ব্রাসেলসের পূর্বে অবস্থিত শহর লিয়েজেও বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। তবে এসব বিক্ষোভে কতজন অংশ নিয়েছেন, তা জানায়নি পুলিশ।

ইতালির মিলান ও বোলোনিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের পাশাপাশি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইতালির পুলিশ জানিয়েছে, কিছু বিক্ষোভকারী পাথর ছুড়েছেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। দেশটির সংবাদমাধ্যমের খবরে কয়েকজন আহত ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে।

পর্তুগালের রাজধানী লিসবনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং বড় শহরগুলোতে আবাসনসংকটের প্রতিবাদে মিছিল করেছেন কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার মানুষ। দেশটিতে ২০১৭ সালের পর থেকে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। নতুন চুক্তিতে বাড়ি ভাড়া নেওয়ার খরচও প্রায় একই হারে বেড়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন শেষ

শুক্রবার পর্তুগালের সংসদবিষয়ক মন্ত্রী কার্লোস আব্রেউ আমোরিম বলেছেন, “রাস্তায় চিৎকারের কাছে সরকার নতি স্বীকার করবে না।” অন্যদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের নেতারা সাধারণ মানুষের সমস্যার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।

ফ্রান্সের বাইরে ছড়িয়ে পড়তে পারে বিক্ষোভ

ফ্রান্সের মতো ব্যাপক না হলেও অন্য দেশগুলোর বিক্ষোভ ইউরোপজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের ইউরোপীয় ইউনিয়নের আইন ও নীতিবিষয়ক অধ্যাপক আলবের্তো আলেমানো।

আলজাজিরাকে তিনি বলেন, “ফ্রান্স এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখন এর বাইরে ছড়িয়ে পড়ারও লক্ষণ দেখা যাচ্ছে।”

আরও পড়ুন: ইরানকে কোণঠাসা করতে দুই কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

আলেমানোর মতে, শনিবারের বিক্ষোভই শেষ নয়। এসব দেশের আরো বিভিন্ন স্থানে নতুন করে বিক্ষোভ শুরু হতে পারে। গ্রিস, জার্মানি ও অস্ট্রিয়ায়ও আন্দোলনের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। আগামী সপ্তাহে এসব দেশে বিক্ষোভে মানুষের অংশগ্রহণ বাড়তে পারে।

তবে একই সময়ে বিক্ষোভ হলেও এগুলো কোনো একক আন্দোলন নয় বলে ব্যাখ্যা করেন তিনি। বিভিন্ন দেশের বিক্ষোভের পেছনে কিছু অভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে আছে শিক্ষায় পর্যাপ্ত অর্থের অভাব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনা শেষে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা।

আলেমানো বলেন, ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ এক সময়ে এই অস্থিরতা দেখা দিয়েছে। আগামী ১২ মাসে মহাদেশটিতে জাতীয় নির্বাচনগুলোর একটি নজিরবিহীন ধারাবাহিকতা শুরু হতে যাচ্ছে। এ সময়ে স্পেন, ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

তার মতে, এসব বিক্ষোভ ও গণজমায়েত ইউরোপের রাজনৈতিক আলোচনার অন্যতম প্রধান বিষয়ে পরিণত হবে।

আরও পড়ুন: ইরানের হামলায় হরমুজে ২ ট্যাংকার অচল

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে খেলার মাঠে হঠাৎ পিকআপ ঢুকে শিশুসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১০ এম


যুক্তরাষ্ট্রে খেলার মাঠে হঠাৎ পিকআপ ঢুকে শিশুসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি যুব ফুটবল ম্যাচ চলাকালীন পিকআপ ট্রাক মাঠে ঢুকে পড়ার ফলে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে শহরের স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এই দুর্ঘটনাটি ঘটে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কালো রঙের শেভ্রোলেট সিলভেরাডো পিকআপ ট্রাকটি ফুটবল মাঠে প্রবেশ করে খেলোয়াড় ও দর্শকদের ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারান।

উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।" তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, দুর্ঘটনায় জড়িত গাড়িটি ঘটনাস্থলে ছিল এবং চালককে পুলিশ আটক করেছে। চালকের কারণে জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি।

পুলিশ এই ঘটনার কারণ তদন্ত করছে। গাড়িটি কেন মাঠে ঢুকে পড়েছিল, তা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত কাজ—এই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: আনাদোলু, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরেকটি গোলোৎসবে ইতিহাস গড়ল বার্সেলোনা, রিয়াল বেতিসকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১০ এম


আরেকটি গোলোৎসবে ইতিহাস গড়ল বার্সেলোনা, রিয়াল বেতিসকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে

বার্সেলোনার কাছে গোল যেন ছেলের হাতে মোয়া। তারা চাওয়া মাত্রই গোল পেয়ে যায়। এবারের মৌসুমের পারফরম্যান্সে চোখ বোলালে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।

এক-দুই গোলে তাদের মন ভরে না। রাফিনিয়া-লামিনে ইয়ামালরা প্রতিপক্ষকে গোলের হাঁড়ি ভরে দেন। মাঠে নামলেই তারা কমপক্ষে প্রতিপক্ষকে হালি গোল দিচ্ছে। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৮টিতে কমপক্ষে চার গোল পাওয়াকে আর কি-ইবা বলা যেতে পারে।

গতকাল রিয়াল বেতিসের মাঠেও একই চিত্র দেখা গেছে। গোলোৎসব। হান্সি ফ্লিকের দল বেতিসকে ৫-৩ ব্যবধানে বিধ্বস্ত করেছে। এই জয়ের ফলে বার্সেলোনা ১১ ম্যাচের জয়রথ অব্যাহত রেখেছে। এই মৌসুমে ১১ ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এটি তাদের ইতিহাসে একটি রেকর্ড।

বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কীর্তিতেও ভাগ বসিয়েছে। লা লিগার ইতিহাসে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড। ১৯৬৮-৬৯ মৌসুমে টানা ৯ ম্যাচ জিতে এতদিন রেকর্ডটির মালিক ছিল রিয়াল।

গতকাল সেভিয়ায় বার্সেলোনার গোলোৎসব শুরু হয় ম্যাচের ১০ মিনিটে। বক্সের বাইরে থেকে ইয়ামালের করা চোখধাঁধানো দুর্দান্ত শটে। ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া শট থামানোর উপায় ছিল না বেতিসের গোলরক্ষক আলভারো ভায়েসের।

তবে গোল হজমের পর বেতিস দমে যায়নি। ঘরের মাঠে ২৭ মিনিটে তারা সমতায় ফিরেছে। হেডে সমতা ফেরান ভ্যালেন্তিন গোমেস। কিন্তু বিরতিতে যাওয়ার আগে ফারমিন লোপেজের কর্নার থেকে বার্সাকে লিড এনে দেন রদ্রি। ৪১ মিনিটে করা হেডটি ছিল তার ম্যানচেস্টার সিটি থেকে আসার পর প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে বেতিস প্রায় সমতায় ফিরেছিল। তবে হ্যান্ডবলের কারণে বাতিল হয় জিওভানি লো সেলসোর গোল। বিপরীতে ৫১ মিনিটে ইয়ামালের পাস থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসুস। এর আগে অফসাইডে তার আরেকটি গোল বাতিল হয়েছিল।

২ মিনিট পরেই ব্যবধান কমিয়ে বেতিস যেন বুঝিয়ে দেয় তারা ছেড়ে কথা বলবে না। পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন আবদে এজ্জালজুলি। তবে এরপরেই স্বাগতিকরা বড় ধাক্কা খায়। ইয়ামালের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন ফাকুন্দো বারনাল।

এরপর সময় যত এগিয়েছে বার্সেলোনার গোলোৎসব জমেছে। ১০ জনের বেতিসকে পেয়ে বার্সেলোনা আরো চাপ বাড়িয়েছে। পাউ কুবর্সির পাস থেকে ৬২ মিনিটে গোল করেন এরিক গার্সিয়া। শেষ দিকে বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান ৫-২ করেন বদলি নামা দানি ওলমো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ভারতীয় বিমানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ এম


পাকিস্তান ভারতীয় বিমানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। শনিবার (১৭ অক্টোবর) ‘নোটিশ টু এয়ারমেন’ (নোটাম)-এর মাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়। নতুন নির্দেশ অনুযায়ী, নিষেধাজ্ঞাটি আগামী ২৪ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতীয় নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা দেখা দেয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুললেও ইসলামাবাদ তা অস্বীকার করে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়। পরবর্তীতে, পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতও ৩০ এপ্রিল ২০২৫ থেকে পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।

গত ৬ ও ৭ মে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, যখন ভারত পাকিস্তানের বেশ কিছু শহরে সামরিক হামলা চালায়। এর জবাবে পাকিস্তান অপারেশন ‘বুনিয়ানুম মারসুস’ নামে একটি বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে এবং ভারতের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। পাকিস্তান দাবি করে, এই সংঘাত চলাকালে তারা তিনটি রাফাল জেটসহ আটটি ভারতীয় যুদ্ধবিমান এবং বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে। টানা ৮৭ ঘণ্টা ধরে সংঘাত চলার পর, গত ১০ মে ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আকাশসীমা বন্ধের ফলে ভারতীয় বিমান পরিবহন খাত তুলনামূলকভাবে বেশি আর্থিক ও পরিচালনগত ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, পাকিস্তানের বিমান চলাচল শিল্পের ওপর এর প্রভাব বেশ সীমিত।

উল্লেখ্য, এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান একইভাবে তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। ওই সময়েও পাকিস্তানি বিমান সংস্থার চেয়ে ভারতীয় এয়ারলাইনগুলোকেই বেশি পরিচালনগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে হঠাৎ প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ এম


পাঠ্যবইয়ের মান যাচাইয়ে হঠাৎ প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন

প্রাথমিক, মাধ্যমিক এবং এবতেদায়ি মাদরাসার পাঠ‍্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে পরিদর্শন করতে রাজধানীর দুটি ছাপাখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানা দুটি পরিদর্শন করার সময় তিনি এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের সামগ্রিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই যথাসময়ে তুলে দিতে নির্ধারিত সময়ের মধ্যে ছাপার কাজ শেষ করার নির্দেশনা দেন। বিশেষভাবে বইয়ের ছাপার মান যথাযথভাবে বজায় রাখার বিষয়েও তিনি তাগিদ দেন।

গিয়াস উদ্দিন রিমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শিক্ষার্থীর কাছে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এর আগে, বিকেলে মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে পাঠ্যপুস্তক ছাপানোর সার্বিক অগ্রগতি নিয়ে একটি পর্যালোচনা সভা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%