প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে অপহরণের নাটক সাজানো একটি সংঘবদ্ধ চক্রের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি কণ্ঠ নকল করে কান্নাকাটির আওয়াজ শোনানোর মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণের টাকা হাতিয়ে নিত। মানিকগঞ্জের এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় একই কৌশলে অর্থ হাতানোর পর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল এবং আলামিন রয়েছেন। নারায়ণগঞ্জে সম্প্রতি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসআরবি জানিয়েছে, এই চক্রটি গত এক বছরে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীর পরিবার এবং এসআরবি সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে বোনের বাসা থেকে রাজধানীর মগবাজারে ফেরার উদ্দেশ্যে বাসে ওঠেন মানিকগঞ্জের কলেজছাত্র হৃদয়ন আনসারী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হৃদয়নকে খুঁজতে তার স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেন।
নিখোঁজের পরদিন ওই বিজ্ঞপ্তিতে থাকা মোবাইল নম্বরে কল করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে অপহরণকারী হিসেবে পরিচয় দেয়। হৃদয়নকে আটকে রাখা হয়েছে দাবি করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। ফোনের অপর প্রান্ত থেকে কণ্ঠ নকল করে কান্নার আওয়াজ শোনানো হলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় সরল বিশ্বাসে বিকাশ ও নগদের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান তারা। কিন্তু টাকা পাওয়ার পর থেকেই প্রতারকরা নম্বরটি ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এ বিষয়ে হৃদয়নের বাবা বলেন, ‘ওকে পেতে চাইলে ৫০ হাজার টাকা বিকাশ করতে বলে ওরা। পরে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছে।’ হৃদয়নের মা আক্ষেপ করে বলেন, ‘ওরা টাকা দাবি করার সঙ্গে সঙ্গে আমরা টাকা দিয়ে দিয়েছি। কিন্তু ওরা আমার সন্তানটাকে ফিরিয়ে দেয়নি।’
মুক্তিপণের টাকা দিয়েও হৃদয়নের কোনো সন্ধান না পেয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন।
ঘটনার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আলামিনকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান জানান, চক্রটি পত্রিকা বা বিভিন্ন জায়গায় সাঁটানো হারানো বিজ্ঞপ্তি থেকে তথ্য ও নম্বর সংগ্রহ করত। এরপর পরিবারকে ফোন দিয়ে ভুক্তভোগীর কণ্ঠ নকল করে কান্নাকাটি করত। আতঙ্কিত স্বজনরা কণ্ঠের পার্থক্য বুঝতে পারতেন না। হৃদয়নের পরিবার প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১০ হাজার টাকা পাঠায়। কিন্তু তাদের কাছে অপহৃত ব্যক্তি নেই, তাই ফেরত দেয়ার প্রশ্নই আসে না। টাকা নেয়ার পর তারা নম্বর বন্ধ করে দেয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু নিখোঁজ ব্যক্তির পরিবারই নয়, বিদেশগামী কর্মীদের পরিবারকে ফোন করেও প্রতারণা করত চক্রটি। স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় এদের এজেন্ট রয়েছে। তারা বিদেশগামী ব্যক্তিদের স্বজনদের ফোন করে বলত, বিমানবন্দরে পাসপোর্ট ও টিকিট হারিয়ে গেছে; দ্রুত ১০ হাজার টাকা পাঠালে পরের ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হবে। এতে স্বজনরা ভয় পেয়ে টাকা পাঠিয়ে দিতেন।
এসআরবি জানায়, চক্রের হোতা ফয়সালের মোবাইল ব্যাংকিং হিসাবে গত এক বছরে অর্ধকোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। দেশে এ ধরনের আরও একাধিক চক্র সক্রিয় রয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন