প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে। ২০০৫ সালের সেমিফাইনালে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠার স্মৃতি থাকলেও, এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করায় বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছে। এই পরাজয়ে দেশের ফুটবলের তারকা হামজা দেওয়ান চৌধুরী গভীর হতাশা প্রকাশ করেছেন।
জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে হামজা নিজের ও দলের অনুভূতি তুলে ধরেন, "এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!"
পাকিস্তানের কাছে এই পরাজয়ের পর দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রো পাস নিয়ে আলোচনা চলছে। শ্রাবণের থ্রো থেকেই বল পেয়ে পাকিস্তানের আব্দুল সামাদ জয়সূচক গোলটি করেন। কিছু সমর্থক এই পরাজয়কে গোলরক্ষকের ভুল হিসেবে দেখলেও হামজা সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, "জয়-পরাজয় বা ভুল—দলের সবাই মিলে ভাগ করে নেয়।"
হামজা আরও জানান, "এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।"
ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে হামজা বলেন, প্রথমার্ধে বাংলাদেশ দারুণ লড়াই করলেও বিরতির পর প্রতিপক্ষ কৌশলগত পরিবর্তন আনে। পুরো ম্যাচে বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
তিনি যোগ করেন, "হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?"
প্রথমার্ধে একটি বল পোস্টে লেগে ফেরে এবং দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ নষ্ট হয়। সব মিলিয়ে জয়ের খুব কাছাকাছি গিয়েও ফাইনালে পৌঁছাতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন