ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মসজিদে প্রবেশের আগে-পরে ১০ সুন্নত পালনের উপায়


মসজিদে প্রবেশের আগে-পরে ১০ সুন্নত পালনের উপায়

প্রতিদিন পাঁচবার নামাজের জন্য মসজিদে যাওয়া হয়। এই সময়ে কিছু নির্দিষ্ট কাজ করা হলে, প্রতিবার যাতায়াতে ১০টি সুন্নত পালন করা সম্ভব। পাঁচ ওয়াক্তে এই সংখ্যা ৫০-এ পৌঁছায়। এর জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই, বরং কিছু সদিচ্ছা ও সচেতনতা দরকার।

মসজিদে প্রবেশের ৫ সুন্নত

১. বিসমিল্লাহ পড়া : মুমিনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নামে শুরু করা উচিত। মসজিদে প্রবেশের সময়ও ‘বিসমিল্লাহ’ পড়া সুন্নত আমলের অন্তর্ভুক্ত। রাসুল (সা.) বলেছেন, ‘যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা হয় না, তা অসম্পূর্ণ থেকে যায়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৪০)

আরও পড়ুন: ইসলামের ৪ শিষ্টাচার: পরস্পর দেখা-সাক্ষাতে গুরুত্ব

২. নবীজির ওপর দরুদ পাঠ : মসজিদে প্রবেশকারী ব্যক্তি বিসমিল্লাহর পর রাসুল (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহর প্রশংসার পর নবীজি (সা.)-এর ওপর দরুদ পাঠ করা দোয়ার অন্যতম আদব। ফাজালা ইবনে উবাইদ (রা.) বলেন, এক ব্যক্তি নামাজের পর দোয়া করছিলেন, রাসুল (সা.) তাকে দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়ে বলেন, ‘তোমাদের কেউ যখন দোয়া করবে, সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীজির ওপর দরুদ পাঠ করে, তারপর সে যা ইচ্ছা দোয়া করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৭৭)

৩. মসজিদে প্রবেশের দোয়া : দরুদের পর মসজিদে প্রবেশের জন্য নবীজি (সা.)-এর শেখানো দোয়া পড়া সুন্নাহ। দোয়াটি হলো ‘আল্লাহুম্মাফতাহ্ লি আবওয়াবা রাহমাতিক।’ অর্থ: ‘হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।’ রাসুল (সা.) মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়তে আদেশ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস : ৭১৩)

একসঙ্গে তিনটি আমল :

বিসমিল্লাহ, দরুদ এবং দোয়া পাঠ—এই তিনটি একসঙ্গে এভাবে পাঠ করা যায়,

আরও পড়ুন: ‘আবুবকর সিদ্দিক (রা.)-এর নবীপ্রেম সবার শীর্ষে’ মাহফিলে বক্তাদের বক্তব্য

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসুলিল্লাহি, আল্লাহুম্মাফতাহ্ লি আবওয়াবা রাহমাতিক।’

মসজিদে প্রবেশের সময় রহমতের দরজা খোলার প্রার্থনা বাহ্যিক প্রবেশকে অন্তরের প্রবেশের সঙ্গে যুক্ত করে দেয়। বান্দা মসজিদে আসে ইবাদতের জন্য, এ ক্ষেত্রে তার প্রথম আকাঙ্ক্ষাই হয় আল্লাহর রহমত।

৪. ডান পা দিয়ে প্রবেশ : মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখা সুন্নাহ। আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘নবীজি (সা.) জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন এবং তাঁর সব কাজে ডান দিককে অগ্রাধিকার দিতে পছন্দ করতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ১৬৮)

আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

মসজিদ সম্মানিত স্থান হওয়ায় প্রবেশের সময় ডান পা আগে দেওয়া এই সুন্নাহরই বাস্তব প্রয়োগ।

৫. ইতিকাফের নিয়ত : মসজিদে প্রবেশের পর সেখানে অবস্থানের সময়টুকু ইবাদতে রূপ দেওয়ার একটি সহজ উপায় হলো নফল ইতিকাফের নিয়ত করা।

হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ আল-বাহরুর রায়েক-এ ইমাম মুহাম্মদ (রহ.)-এর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘কেউ ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করলে, যতক্ষণ সে সেখানে অবস্থান করবে ততক্ষণ ইতিকাফকারী হিসেবে গণ্য হবে, আর মসজিদ থেকে বের হলে ইতিকাফের অবসান হবে।’ (ইবনে নুজাইম মিসরি, আল-বাহরুর রায়েক শরহু কানজ আদ-দাকায়েক, ২/৫২৫, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯৭)

মসজিদ থেকে বের হওয়ার ৫ সুন্নত

আরও পড়ুন: পাগলা মসজিদে দানের রেকর্ড, ১৫ দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

মসজিদে প্রবেশের পর সেখানে অবস্থানের সময়টুকু ইবাদতে রূপ দেওয়ার একটি সহজ উপায় হলো নফল ইতিকাফের নিয়ত করা।

১-৩. বিসমিল্লাহ, দরুদ ও দোয়া পাঠ :

মসজিদে প্রবেশের পাঁচ আমলের সঙ্গে প্রস্থানের আদবের একটি সুন্দর সামঞ্জস্য রয়েছে। বিসমিল্লাহ, দরুদ ও দোয়া—প্রবেশের মতো বের হওয়ার সময়ও এ তিনটি আমল পালন করা সুন্নাহ। তবে দোয়াটি হবে ভিন্ন। তিনটি দোয়া একসঙ্গে এভাবে পাঠ করা যায়,

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

আরও পড়ুন: গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীকে কুরআনের ছবক, ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

উচ্চারণ : ‘বিসমিল্লাহি ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসুলিল্লাহি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।’

রাসুল (সা.) মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭১৩)

৪. বাঁ পা দিয়ে বের হওয়া : প্রবেশের সময় ডান পা অগ্রাধিকার দেওয়ার পর প্রস্থানের সময় বাঁ পা আগে বের করতে হবে। ইবনে উমর (রা.)-এর আমল সম্পর্কে বর্ণিত হয়েছে, ‘তিনি যখন মসজিদে প্রবেশ করতেন, ডান পা আগে রাখতেন; আর বের হওয়ার সময় বাঁ পা আগে রাখতেন।’ (আল-মুসান্নাফ লি-ইবনি আবি শাইবা, হাদিস: ৭৯৭৪)

৫. ডান পায়ে আগে জুতা পরা : মসজিদ থেকে বের হওয়ার পর জুতা পরার ক্ষেত্রেও ডান দিককে অগ্রাধিকার দিতে হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ জুতা পরলে ডান দিক থেকে শুরু করবে এবং খুললে বাঁ দিক থেকে শুরু করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৮৫৫)

আরও পড়ুন: সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

অতএব মসজিদ থেকে বের হওয়ার সময় বাঁ পা দিয়ে বের হবে, এরপর পর্যায়ক্রমে ডান এবং বাঁ পায়ে জুতা পরিধান করবে।

এভাবে প্রতি ওয়াক্তে ১০টি করে সুন্নত, আর পাঁচ ওয়াক্ত মিলিয়ে দৈনিক ৫০টি সুন্নত পালন করা অত্যন্ত সহজ একটি আমল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়ের পর ঘর সামলানোর চেষ্টায় দক্ষিণ ব্রাজিলের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ঝড়ের পর ঘর সামলানোর চেষ্টায় দক্ষিণ ব্রাজিলের বাসিন্দারা

দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের তুপানসিরেতা শহরের বাসিন্দারা ঝড়ের তাণ্ডবে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো মেরামত ও ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে আঘাত হানা ভয়াবহ এ ঝড়ে চারজন নিহত ও ১৬২ জন আহত হয়েছেন। প্রায় ৮ হাজার বাড়িঘর, স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে শহরের প্রায় ২০ হাজার বাসিন্দার অধিকাংশকেই বাড়িঘর ছাড়তে বাধ্য হতে হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ধ্বংসস্তূপের মধ্য থেকে তোশক, আসবাবপত্র ও সাইকেল উদ্ধার করতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের। অনেক বাসিন্দা দ্রুত অস্থায়ী মেরামতের জন্য ক্ষতিগ্রস্ত ছাদের ওপর উঠে পড়েন। এ শহরের ৬৪ বছর বয়সী রাজমিস্ত্রি ইভাইর প্রিয়েতো এএফপিকে বলেন, “আমি বাথরুমে গিয়েছিলাম এবং ফিরে এসে দেখি ঘরে ঢুকতে পারছি না। দরজা আটকে গিয়েছিল এবং বাড়িটা ততক্ষণে ভেঙে গিয়েছে।” সব হারিয়েও পরিবারের কেউ আহত না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। আহতদের সংখ্যা আগের ৬০ জনের হিসাব থেকে বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। শহরের প্রায় সবাই বাড়ি ছাড়তে বাধ্য হলেও মাত্র ৩০ জনের মতো সরকারি আশ্রয়কেন্দ্রে গেছেন। হাজার হাজার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছাদহীন বাড়ি ও চালাঘর ছড়িয়ে ছিটিয়ে আছে এবং রাস্তায় পড়ে আছে গাছপালা ও ধ্বংসাবশেষ।

শুক্রবার ভোর হওয়ার মাত্র ৪০ মিনিট আগে ঝড়টি শহরের ওপর দিয়ে বয়ে যায়। মেয়র গুস্তাভো হার্টার পরিস্থিতি তুলে ধরে বলেন, শহরটা নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট (ইনমেট)-এর তথ্যমতে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৪ কিলোমিটার (৭১ মাইল) পর্যন্ত পৌঁছেছিল। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ঝড়টিকে শক্তিশালী ‘সুপারসেল’ বজ্রঝড় হিসেবে চিহ্নিত করেছে।

গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়ায় রিও গ্রান্দে দো সুলের প্রায় ৩০টি পৌরসভায় প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুপানসিরেতা এবং একমাত্র এখান থেকেই হতাহতের খবর পাওয়া গেছে।

দুর্গতদের সহায়তায় ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এলাকাটিতে চিকিৎসা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুনর্গঠন কাজের জন্য রাজ্যপাল এদুয়ার্দো লেইতে ৭০ লক্ষ রিয়াল (প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার) বরাদ্দ করেছেন।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ব্রাজিলে প্রায়ই টর্নেডো আঘাত হানে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত স্বেচ্ছাসেবী আবহাওয়া নেটওয়ার্ক ‘প্রিভটস’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে টর্নেডো ও এ ধরনের দুর্যোগের রেকর্ড ৯২টি ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের ৪ শিষ্টাচার: পরস্পর দেখা-সাক্ষাতে গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ইসলামের ৪ শিষ্টাচার: পরস্পর দেখা-সাক্ষাতে গুরুত্ব

আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব অথবা পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করা সামাজিক জীবনের একটি অপরিহার্য অংশ। ইসলামের দৃষ্টিতে মানুষের এই সামাজিক জীবনকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করার জন্য সাক্ষাতের ক্ষেত্রে কিছু চমৎকার শিষ্টাচার প্রদান করা হয়েছে। এসব শিষ্টাচার অনুসরণ করলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি সামাজিক বন্ধনও আরো সুদৃঢ় হয়।

১. সালাম ও হাসিমুখে সাক্ষাৎ :  মুসলমানদের মধ্যে পারস্পরিক সাক্ষাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব হচ্ছে সালাম বিনিময় করা। সালাম কেবল একটি সম্ভাষণ নয়; বরং এটি শান্তি, নিরাপত্তা ও কল্যাণের দোয়া। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যখন অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন জানাও অথবা অনুরূপ জবাব দাও।’(সুরা : নিসা, আয়াত : ৮৬)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব, যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও।’ (মুসলিম, হাদিস : ৫৪)

সাক্ষাতের সময় হাসিমুখে কথা বলা ইসলামের শিক্ষা। আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তাঁকে বলেন, ‘তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও একটি সদকা।’ (তিরমিজি, হাদিস : ১৯৫৬)

অর্থাৎ মানুষের সঙ্গে আন্তরিকতা ও প্রফুল্লচিত্তে মেশা ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে।

২. মুসাফাহা ও পারস্পরিক সম্মান প্রদর্শন : সাক্ষাতের সময় মুসাফাহা করা মুসলমানদের সুন্দর সামাজিক রীতির অন্তর্ভুক্ত। আনাস ইবনে মালিক (রা.)-কে সাহাবায়ে কেরামের মধ্যে মুসাফাহার প্রচলন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ। (বুখারি, হাদিস : ৬২৬৩)

তবে মুসাফাহার ক্ষেত্রে ইসলামের শালীনতা ও পর্দার বিধান মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে গায়রে মাহরাম নারী-পুরুষের মধ্যে হাত মেলানো শরিয়তসম্মত নয়। তাই পারস্পরিক সৌজন্য প্রকাশ করতে গিয়ে শরিয়তের সীমারেখা অতিক্রম করা উচিত নয়। বয়স, মর্যাদা ও সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করাও সাক্ষাতের গুরুত্বপূর্ণ শিষ্টাচার। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (তিরমিজি, হাদিস : ১৯২০)

বর্তমান সমাজে পদ-পদবি ও অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে মানুষকে মূল্যায়নের প্রবণতা দেখা যায়। অথচ ইসলামে মানুষের মর্যাদার প্রকৃত মাপকাঠি তাকওয়া ও উত্তম চরিত্র। তাই একজন সাধারণ মানুষ কিংবা সমাজের উচ্চপদস্থ ব্যক্তি, সবার সঙ্গেই সম্মানজনক আচরণ করা উচিত।

৩. অনুমতি গ্রহণ ও সময়ের প্রতি যত্নশীলতা : কারো বাসা-বাড়ি কিংবা অফিসে সাক্ষাৎ করতে গেলে অনুমতি নেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিষ্টাচার। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ কোরো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ করো এবং ঘরের অধিবাসীদের সালাম দাও।’ (সুরা : নুর, আয়াত : ২৭)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অনুমতি চাওয়ার বিধান করা হয়েছে দৃষ্টির হেফাজতের জন্য।’ (বুখারি, হাদিস : ৬২৪১)

অর্থাৎ অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা কিংবা ঘরের ভেতরে উঁকি দেওয়া অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল।

সমসাময়িক জীবনে কারো সঙ্গে সাক্ষাতের আগে ফোন করে সময় নেওয়া, নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া এবং তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো এই শিক্ষারই বাস্তব প্রয়োগ। বিশেষ করে অফিস-আদালত ও প্রাতিষ্ঠানিক সাক্ষাতে সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।

৪. সমসাময়িক সাক্ষাতে ইসলামের শিক্ষা : বর্তমান সময়ে ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈঠক—সব ক্ষেত্রেই মানুষের পারস্পরিক যোগাযোগ বেড়েছে। জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক উন্নয়ন, সমস্যা তুলে ধরা ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম।

তবে অনেক ক্ষেত্রে আন্তরিকতার পরিবর্তে সাক্ষাৎ আনুষ্ঠানিকতা, লোক-দেখানো সৌজন্য ও ব্যক্তিস্বার্থের মাধ্যমে পরিণত হচ্ছে। প্রভাব-প্রতিপত্তি প্রদর্শন, অতিরিক্ত প্রটোকল প্রত্যাশা, অন্যকে অবমূল্যায়ন কিংবা ছবি ও প্রচারের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার প্রবণতাও দেখা যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, ‘তুমি মানুষের প্রতি অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে নিয়ো না এবং পৃথিবীতে অহংকারের সঙ্গে চলাফেরা কোরো না।’ (সুরা : লুকমান, আয়াত : ১৮)

ইসলামের দৃষ্টিতে সাক্ষাৎ শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্য নয়; বরং এটি মানুষের মধ্যে হৃদ্যতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক দায়িত্ববোধ তৈরির একটি মাধ্যম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউক্যাসলের সঙ্গে ড্রয়ের দিনে আর্সেনালের জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


নিউক্যাসলের সঙ্গে ড্রয়ের দিনে আর্সেনালের জন্য বড় দুঃসংবাদ

সেন্ট জেমস পার্কে একটি রোমাঞ্চকর ও নাটকীয় লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েছিল গানাররা, তবে শেষ মুহূর্তে ননি মাদুয়েকের দুর্দান্ত গোলে তারা মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়ে। একই সঙ্গে গোলরক্ষক ডেভিড রায়ার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় গার্নাসদের জন্য এটি ছিল একটি বড় ধাক্কা।

সাবেক ক্লাব নিউক্যাসলের মাঠে আর্সেনালের জার্সিতে প্রথমবার খেলতে নামার পর থেকেই স্বাগতিক সমর্থকদের দুয়োধ্বনির শিকার হন ব্রুনো গিমারেস। তবে মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়তে দেননি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সফরকারীরা ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে।

পঞ্চম মিনিটে এবেরেচি এজের পাস থেকে মাদুয়েকের শট পোস্টে লেগে ফিরে আসে। ২৭ মিনিটে ডেক্লান রাইসের ক্রসে পা ছোঁয়াতে পারলেও বল লক্ষ্যে রাখতে পারেননি গিমারেস।

টানা আক্রমণের সুফল আর্সেনাল পায় ৩৩তম মিনিটে। এজরি কোনসার পাস ধরে কাই হাভার্টজ বক্সে বল বাড়ান এজের উদ্দেশে। নিউক্যাসল গোলরক্ষক লুকাস হর্নিসেককে একা পেয়ে প্রথম স্পর্শেই দারুণ ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন এজে। বিরতির আগে মাদুয়েকে আরো দুটি ভালো সুযোগ পেলেও নিউক্যাসলের রক্ষণে তা প্রতিহত হয়।

বিরতির পর নিউক্যাসল কোচ মাথিয়াস ইয়াইসলে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন, যা ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার চার মিনিটের মাথায় (৪৯ মিনিটে) আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একটি ভুল পাসে বল পেয়ে যান উইলিয়াম ওসুলা। তার পাস থেকে গোল করে নিউক্যাসলকে ১-১ সমতায় ফেরান হার্ভি বার্নস। এর ফলে লিগে টানা সাড়ে চার ম্যাচ পর গোল হজম করল আর্সেনাল।

সমতায় ফেরার পর সমর্থকদের গর্জনে উজ্জীবিত হয়ে আর্সেনালের ওপর চড়াও হয় স্বাগতিকরা। ৬২তম মিনিটে লুইস হলের কর্নার থেকে ড্যান বার্নের হেড জটলার ভেতর মালিক থিয়াওয়ের সামনে পড়লে তা জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই কর্নার ধরতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া; বদলি হিসেবে নামেন কেপা আরিজাবালাগা।

নিউক্যাসলের একের পর এক আক্রমণ সামলে ৭৮তম মিনিটে ম্যাচে ফেরে আর্সেনাল। মাঝমাঠে মাইলস লুইস-স্কেলির কেড়ে নেওয়া বল ওডেগার্ড হয়ে পৌঁছায় মাদুয়েকের কাছে। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে নিচু শটে গোলরক্ষক হর্নিসেককে পরাস্ত করে আর্সেনালকে ২-২ সমতায় ফেরান এই ইংলিশ উইঙ্গার।

ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। যোগ করা সময়ের শেষ দিকে বদলি নামা ভিক্টর গিওকেরেস দারুণ সুযোগ পেলেও তার বাঁকানো শট বারের ওপর দিয়ে চলে গেলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মিকেল আর্তেতার দলকে।

১১ ম্যাচে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ৬ পয়েন্টের ব্যবধান তৈরি করল আর্সেনাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন প্রেসিডেন্ট আউন ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি তুলেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


লেবানন প্রেসিডেন্ট আউন ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি তুলেছেন

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার, হামলা বন্ধ করা এবং আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন, যিনি যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট দেশটির নেতা। একই সঙ্গে তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের সমালোচনা করেছেন।

আউন মন্তব্য করেছেন যে, ইসরাইলের দখলদারিত্ব এবং ইরানের প্রভাবশালী মহলের হস্তক্ষেপ—এই দুটি কারণে লেবাননের স্বাধীনতা এখনও পূর্ণতা পায়নি।

শনিবার, লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া ভাষণে জোসেফ আউন বলেন, দেশটি বর্তমানে দুটি পরস্পর সম্পর্কযুক্ত সংকটের মুখোমুখি। একটি হলো, দেশের ভূখণ্ডের কিছু অংশে ইসরাইলের দখলদারিত্ব। অপরটি হলো, ইরানের শাসকগোষ্ঠীর কিছু প্রভাবশালী পক্ষের মাধ্যমে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ। এই হস্তক্ষেপ অস্ত্রের ব্যবহার এবং লেবানন রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে করা হচ্ছে।

আউন উল্লেখ করেন যে, এই দুটি মৌলিক বাধা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে লেবানন এখনও পুরোপুরি স্বাধীনতা উদ্‌যাপন করতে পারছে না।

তিনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, ‘লেবাননের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করুন। হামলা বন্ধ করুন। আমাদের আটক ব্যক্তিদের ফিরিয়ে দিন।’

এটি ধারণা করা হচ্ছে যে, ইসরাইলের বিভিন্ন বন্দিশিবিরে অসংখ্য লেবাননের নাগরিক আটক রয়েছেন। তাদের মধ্যে সাধারণ নাগরিক এবং হিজবুল্লাহর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও অন্তর্ভুক্ত আছেন। এই সদস্যদের দক্ষিণ লেবাননে সংঘাতের সময় আটক করা হয়েছিল।

লেবাননের প্রেসিডেন্ট আরও জানান, তিনি দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন। তিনি ঘোষণা করেন যে, রাষ্ট্রের বাইরে থেকে বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হয় বা তাদের স্বার্থ রক্ষা করে এমন কোনো অস্ত্র দেশের ভেতরে থাকতে দেওয়া হবে না।

আউন বলেন, ‘আপনাদের অস্ত্র সরকারের কাছে হস্তান্তর করতে হবে।’

লেবানন সরকার দীর্ঘদিন ধরে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সংগঠনটির অস্ত্রভান্ডার দেশের জাতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারের চেয়ে অনেক বড়। হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে নিজেদের অস্ত্র রাখার পক্ষে যুক্তি দিয়ে আসছে, কারণ তারা ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছে।

গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। এই চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবাননের ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত ছিল।

তবে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি থমকে গেছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে রাজি হয়নি এবং ইসরাইলও লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা

এদিকে, শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিনত জুবাইল ও মারজাইউন জেলায় ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে।

আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, বিনত জুবাইল জেলার বারাআচিত শহরের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলার একটি ঘটনা ঘটেছে।

তাদের তথ্য অনুযায়ী, ভোরের দিকে শহরটিতে ইসরাইলি সেনারা গুলিবর্ষণ করে। এ সময় শহরের উপকণ্ঠে ইসরাইলি সামরিক যানবাহনের চলাচলও দেখা যায়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ জেলার কাফর তেবনিত শহরে ইসরাইলি যুদ্ধবিমান দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে চালানো প্রথম ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত না হওয়ায় দ্বিতীয়বার হামলা করা হয়।

এ ছাড়া মারজাইউন জেলার ওয়াদি আল-খিয়াম এলাকায় ইসরাইলি বাহিনী তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে এনএনএ জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ৪০৭ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় মোট ৮ হাজার ৯৫৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ হাজার ৬৪৩ জন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%