প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গুলশান শপিং সেন্টারের দোকান মালিকরা আদালত ও সরকারের সংশ্লিষ্টদের কাছে সমঝোতা চুক্তি বাস্তবায়ন এবং চুক্তির শর্ত অনুযায়ী দোকান বুঝিয়ে দেওয়ার জন্য হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন যে, চুক্তির আওতায় তিন বছরের মধ্যে মার্কেট পুনর্নির্মাণ করে দোকান বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও প্রায় চার বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি।
রোববার, সুপ্রিম কোর্ট বার সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান গুলশান শপিং সেন্টার দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হাম্মাদুর রহমান। এ সময় সমিতির সেক্রেটারি আবদুল গফর মণ্ডল, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান ও যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭৪ সালে গুলশান শপিং সেন্টারের জন্য জমি বরাদ্দ দেওয়া হয় এবং ১৯৭৫ সালে তা রেজিস্ট্রি করা হয়। বরাদ্দগ্রহীতা প্রয়াত আহমেদ ফজলুর রহমান ছয়তলা দোকানঘর ও একটি সিনেমা হল নির্মাণ করেন। ১৯৭৭-৭৮ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর বিভিন্ন দোকান মালিকের কাছে দোকান বিক্রি করে পজিশন দলিল ও দখল হস্তান্তর করা হয়।
২০০৬ সালে বরাদ্দগ্রহীতার উত্তরসূরি আহমেদ ফয়জুর রহমান শপিং সেন্টারটি পুনর্নির্মাণের জন্য শান্তা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। দোকান মালিকরা এর বিরোধিতা করে বিভিন্ন আদালতে মামলা করেন। দীর্ঘ সময় মামলা চলার পর ২০২১ সালে ভূমির মালিক, ডেভেলপার শান্তা হোল্ডিংস লিমিটেড, দোকান মালিক সমিতিসহ চার পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, নতুন ভবন নির্মাণের জন্য ২০২৩ সালের ৩ আগস্ট দোকান মালিকরা মার্কেটটি সম্পূর্ণ খালি করে দখল হস্তান্তর করেন। চুক্তিতে উল্লেখ করা হয় যে, তিন বছরের মধ্যে পুনর্নির্মাণকাজ শেষ করে নতুন ভবনে দোকান মালিকদের দোকান বুঝিয়ে দেওয়ার কথা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে বর্তমান বাজারদর অনুযায়ী দোকান মালিকদের ভাড়া দেওয়ার শর্তও ছিল। তবে নির্ধারিত সময় পার হতে চললেও নির্মাণকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেছে সমিতি।
ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে অগ্রগতির তথ্য জানতে চাইলে তারা লিখিতভাবে জানায়, ভূমির মালিকের বর্তমান ওয়ারিশদের অসহযোগিতা এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে দায়ের করা মামলার কারণে নির্মাণকাজে বিলম্ব হচ্ছে। সংবাদ সম্মেলনে সমঝোতা চুক্তির শর্ত বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্রুত নির্মাণকাজ শুরু, চুক্তি অনুযায়ী দোকান বুঝিয়ে দেওয়া এবং নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত দোকান মালিকদের ভাড়া পরিশোধ নিশ্চিত করার দাবি জানান সমিতির নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন