প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান তার বাবা। পেশা হিসেবে অভিনয় বেছে নেওয়ার সিদ্ধান্ত বাবার কাছে গ্রহণযোগ্য ছিল না। একপর্যায়ে, তার মা তাকে বাড়ি ছাড়তে সাহায্য করেন। হাতে তুলে দেন মাত্র ৫০০ রুপি। এই অর্থ নিয়েই ট্রেনে চড়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন ভারতের অভিনেতা ও রাজনীতিক রবি কিষাণ।
সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর নবম আসরে, রবি তার জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে তার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শৈশবের সংগ্রাম ও অভিনয়ে আসার গল্প বলতে গিয়ে বাবার বিরোধিতার উল্লেখ করেন তিনি।
রবি কিষাণ জানান, তার বাবা ছিলেন পুরোহিত এবং তাদের দুধের ব্যবসাও ছিল। বাবা চাইতেন, ছেলে পারিবারিক ব্যবসায় যুক্ত হোক অথবা সরকারি চাকরি করুক। তবে ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি রবির আগ্রহ ছিল। একবার রামলীলা মঞ্চায়নে নারী চরিত্রে শাড়ি পরে অভিনয় করেছিলেন তিনি। সেই পরিবেশনা দেখে তার বাবা ক্ষুব্ধ হন এবং চামড়ার বেল্ট দিয়ে মারধরও করেন তাকে।
রবি বলেন, বাবা তাকে প্রশ্ন করেছিলেন, তিনি কি নারী নৃত্যশিল্পী হতে চান? নব্বইয়ের দশকে তাদের কাছে সিনেমায় কাজ করাকে সম্মানজনক পেশা বলে মনে করা হতো না। অভিনয়ের ইচ্ছার কথা জানালে, বাবা পরিবারের সম্মান নষ্ট করার অভিযোগ তোলেন। এমনকি তাকে মেরে ফেলতে পারেন বলেও আশঙ্কা তৈরি হয়েছিল।
সেই পরিস্থিতিতে, মা তাকে বাড়ি ছাড়তে সাহায্য করেন। রবি জানান, সেদিন রাতে মা তাকে ৫০০ রুপি দিয়ে ট্রেনে করে চলে যেতে বলেন। মায়ের আশঙ্কা ছিল, বাড়িতে থাকলে তার জীবন বিপন্ন হতে পারে। মায়ের দেওয়া সেই অর্থ নিয়েই অল্প বয়সে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি।
১৯৯২ সালে ‘পিতাম্বর’ সিনেমার মাধ্যমে রবির অভিনয়ে অভিষেক ঘটে। পরে ভোজপুরি সিনেমায় জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি হিন্দি, তেলেগু, তামিল ও কন্নড় ভাষার সিনেমাতেও অভিনয় করেন। ‘তেরে নাম’, ‘ফির হেরা ফেরি’, ‘রাবণ’, ‘তনু ওয়েডস মনু’, ‘মুক্কাবাজ’ ও ‘লাপাতা লেডিস’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছেন রবি কিষাণ। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন তিনি এবং ২০১৯ সাল থেকে উত্তর প্রদেশের গোরখপুরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন