প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের সদস্য রয়েছেন। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়, যা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং অপরাধ দমনের উদ্দেশ্যে করা হয়েছে। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করার পর ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নিরপরাধ ব্যক্তিদের অযাচিত ভোগান্তি থেকে রক্ষা করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন