প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউডের একসময়ের জনপ্রিয় তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে শুরু করে বিয়ের পর বিচ্ছেদ পর্যন্ত, দীর্ঘ সময় ধরে তাঁরা আলোচনায় ছিলেন। বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে আইনি বিরোধ চলছিল। অবশেষে সেই বিরোধের অবসান ঘটেছে। ফ্রান্সে যৌথভাবে কেনা ওয়াইনারির মালিকানা ও শেয়ার বিক্রির বিষয় নিয়ে চলা মামলা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন সাবেক এই দম্পতি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই তারকার প্রতিনিধিরা সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সমঝোতার শর্তাবলী কিংবা আর্থিক লেনদেনের বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পরিবারের স্বার্থের কথা বিবেচনা করে তাঁরা আদালতের বাইরে বিরোধটি মিটিয়ে নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো মন্তব্য না করার সিদ্ধান্তও নিয়েছেন।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পরিচয় ঘটে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিংয়ের সময়। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তখন ব্র্যাড পিটের সঙ্গে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সংসার ছিল। পরে জেনিফারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পিট।
একপর্যায়ে তাঁরা হলিউডের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন। তাঁদের ছয় সন্তান রয়েছে। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০১৬ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
কিন্তু বিবাহবিচ্ছেদের পরও তাঁদের বিরোধের অবসান হয়নি। ফ্রান্সে অবস্থিত ‘শ্যাটো মিরাভাল’ নামের ওয়াইনারির মালিকানা ও ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে নতুন জটিলতা তৈরি হয়। সম্পত্তিটির নিয়ন্ত্রণ এবং শেয়ার বিক্রির অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
জোলি ওয়াইনারিতে নিজের অংশ রাশিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘স্টোলি গ্রুপ’-এর একটি ইউনিটের কাছে বিক্রি করেন। ব্র্যাড পিটের অভিযোগ ছিল, এই বিক্রির মাধ্যমে তাঁদের মধ্যে থাকা পারস্পরিক চুক্তি লঙ্ঘন করেছেন জোলি। এই অভিযোগে তিনি মামলা করেন। অন্যদিকে, পিটের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জোলি। তাঁর অভিযোগ, পিট প্রতিহিংসাপরায়ণ আচরণ করেছেন।
মামলার নথিতে জোলির আইনজীবীরা আরও দাবি করেন, গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ নিয়ে নীরব থাকার শর্তে একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় পিট তাঁর অংশ কিনে নিতে অস্বীকৃতি জানান।
এ ছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্সে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানে এক সন্তানের গলা চেপে ধরা এবং আরেক সন্তানকে আঘাত করার অভিযোগও উঠেছিল পিটের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের ঘটনায় কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি।
দীর্ঘদিন ধরে চলা সম্পত্তি ও আইনি বিরোধের পর এবার আদালতের বাইরে সমঝোতায় পৌঁছালেন হলিউডের সাবেক এই তারকা দম্পতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন