০৭:৩৯ পি.এম
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেতা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি ইতিমধ্যে আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, জাহিদ হাসান বলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’
তবে এই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে বেশ কয়েকটি ফেসবুক পেজ ভিন্ন একটি ঘটনাপ্রসূত ভিডিওর সঙ্গে এটি যুক্ত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে প্রচার করে।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা
বিশেষ করে প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে এ বক্তব্য যুক্ত করে প্রকাশ করা কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
জাহিদ হাসান এ প্রসঙ্গে বলেন, ‘যা দেখছি, সভ্যতা-ভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। দিন দিন এদের দৌরাত্ম্য বাড়ছে। এভাবে তো চলতে পারে না।’
তিনি জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম ইতিমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। পাশাপাশি, যারা পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিচ্ছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্যও সংগৃহীত হয়েছে। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন বলে জানান জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: মির্জা ফয়সল: সারের সমস্যা সমাধান, কৃষকরা আর ভুগবে না
এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ছাড় দেওয়ার কোনো মানে হয় না।’ শুধু আইনগত পদক্ষেপই নয়, এ ঘটনায় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছেন এই অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন