প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ পালিত হচ্ছে। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে গাজীপুরের নুহাশ পল্লীতে মোমবাতি জ্বালানো হয়। শাওন তার দুই ছেলেকে নিয়ে হুমায়ূনের স্মৃতিধন্য পিরুজালী গ্রামে গেছেন। সেখানে লেখকের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। কেক কাটারও আয়োজন রয়েছে।
এই দিনটি প্রতিবছর লেখক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয় নেত্রকোনা শহরে। তারুণ্য নির্ভর সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডার উদ্যোগে আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লেখকের শিক্ষামূলক উক্তি লেখা টি শার্ট বিতরণ করা হবে।
সকাল ১১ টায় বিভিন্ন বয়সের হিমু-রূপা সাজে লেখকের কালজয়ী সিনেমা নাটকের গানের সঙ্গে নেচে গেয়ে শহরে আনন্দ শোভাযাত্রা বের হবে। এই শোভাযাত্রায় লেখক, সাংস্কৃতিক, সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করবেন। শহরের সাতপাই নদীর পাড় (চক্ষু হাসপাতাল) থেকে শুরু করে দুই কিলোমিটার পদব্রজে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত যাবে আনন্দ শোভাযাত্রা। সেখানে কেক কাটা হবে।
এরপর সন্ধ্যা ছয়টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে গানে ও আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। মায়ের প্রথম সন্তান হওয়ায় মামার বাড়িতে জন্মের পরই তিনি এক মন মিষ্টি বিতরণ করেন নানা। পরে জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছেন।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসার আক্রান্ত হয়ে আমেরিকায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রায় এক যুগ ধরে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডার উদ্যোগে প্রিয় লেখকের জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুদিনে স্মরণ কথন আয়োজন করা হয়ে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন