প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার শহরের পরিচিত চৌরঙ্গী বেকারির মালিক মোহাম্মদ আলী আদালতে আত্মসমর্পণ করে ৮ লাখ টাকা জরিমানা পরিশোধের মাধ্যমে মুক্তি লাভ করেছেন। নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে অপরাধ স্বীকার করে মামলা নিষ্পত্তির আবেদন জানালে আদালত তাকে ৮ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে, ১৪ নভেম্বর কক্সবাজার শহরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে চৌরঙ্গী বেকারির উৎপাদনস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, লেবেলবিহীন ভেজাল ঘি উৎপাদন এবং অপরিচ্ছন্ন কাপড়ে দই তৈরির মতো বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।
অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৮ লাখ টাকা জরিমানার ঘোষণা দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা সম্ভব হয়নি। পরবর্তীতে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কক্সবাজারের পক্ষ থেকে চৌরঙ্গী বেকারি ও কাসুন্দী রেস্টুরেন্টের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পৃথক দুটি প্রসিকিউশন দাখিল করা হয়।
আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই প্রেক্ষাপটে মঙ্গলবার চৌরঙ্গী বেকারির মালিক মোহাম্মদ আলী আদালতে আত্মসমর্পণ করেন। তিনি অভিযোগ স্বীকার করে মামলা নিষ্পত্তির আবেদন জানালে আদালত সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।
এদিকে, চৌরঙ্গী বেকারির মতো টুংকু বেকারিকেও ৮ লাখ টাকা জরিমানা করার বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তাঁদের মতে, অপরাধের ধরন, মাত্রা ও প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা বিবেচনা করে জরিমানা নির্ধারণ করা উচিত। একই অঙ্কের জরিমানা আরোপের যৌক্তিকতা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি শাস্তি নির্ধারণে ন্যায়সংগত ও বাস্তবসম্মত বিবেচনার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
এছাড়া, ওই অভিযানের পেছনে কোনো বিশেষ দুরভিসন্ধি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ব্যবসায়ী নেতারা। অভিযানের প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ী সমাজ তাৎক্ষণিকভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাঁদের অভিযোগ, অভিযানের ধরন ও জরিমানার পরিমাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন