ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, আয়োজন নানা কর্মসূচির


রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, আয়োজন নানা কর্মসূচির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবসের এই কর্মসূচিগুলি পালন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হবেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।

আরও পড়ুন: কুবির দ্বিতীয় ক্যাম্পাসের ব্যয় ২৪২ কোটি টাকা বাড়ছে, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই সময় জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হবে। এরপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করবেন প্রো-ভাইস চ্যান্সেলর ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।

আলোচনা সভা শেষে শুভেচ্ছা বিনিময়ের পর ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হবে। এই র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, হল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করবে। রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র‍্যালিকে প্রাণবন্ত করে তুলবে। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে।

র‍্যালি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। তাদের সঙ্গে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, ডিন মহোদয়গণ, সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: প্রতিষ্ঠার ৪৭ বছরেও এনালগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেবা সমস্যা

ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণের পর র‍্যালিটি প্রশাসন ভবনের সামনে এসে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। এছাড়া, দিবসটি উপলক্ষে এদিন বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে ২১, ২২ ও ২৩ নভেম্বর—এই তিন দিন বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দিয়ে সাজানো হবে ক্যাম্পাস। প্রকৃতি, ফুল ও গাছপালার ভাবনা থেকে এসব আলপনা অঙ্কন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এসকেডি/ আরটিভি

আরও পড়ুন: রাজশাহী বোর্ডের ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

পাকিস্তান ক্রিকেটে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং তরুণ ওপেনার সাইম আইয়ুব। তাদের সঙ্গে চুক্তির বাইরে রাখা হয়েছে ইমাম-উল-হকসহ আরও কয়েকজন পরিচিত মুখকে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ ক্রিকেটারের নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে।

নতুন তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে চুক্তির কাঠামো। পূর্বের মতো এ, বি, সি কিংবা ডি ক্যাটাগরিতে বেতনের ভিত্তিতে ক্রিকেটারদের ভাগ করা হয়নি। বরং কোন ক্রিকেটার কোন সংস্করণে খেলছেন, সেটিকে গুরুত্ব দিয়ে পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। টেস্ট ও ওয়ানডে, শুধুমাত্র টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, শুধুমাত্র টি-টোয়েন্টি এবং ডেভেলপমেন্টÑএই পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়েছে চুক্তিবদ্ধদের। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে।

নতুন কাঠামোয় টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই চুক্তি পেয়েছেন কেবল বাবর আজম এবং সালমান আলী আগা। শুধুমাত্র টেস্টের চুক্তিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান এবং সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, ফাহিম আশরাফ, আবরার আহমেদ এবং আরাফাত মিনহাস। আর টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা পেয়েছেন নাসিম শাহ, শাদাব খান, সাহিবজাদা ফারহানসহ সাতজন।

ডেভেলপমেন্ট বিভাগে সবচেয়ে বেশি জায়গা রাখা হয়েছে। সেখানে ১৯ ক্রিকেটার আছেন, যাদের অনেকেই সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট কিংবা জাতীয় দলে নজর কেড়েছেন। সব মিলিয়ে আগের চুক্তির তুলনায় এবার আটজন বেশি ক্রিকেটারকে চুক্তির আওতায় এনেছে বোর্ড। তবে বাদ পড়েছেন ১৩ জন।

লাহোরে তালিকা ঘোষণার সময় পিসিবির হাইপারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ জানিয়েছেন, নির্বাচক ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। আগামী জুন পর্যন্ত কোন ক্রিকেটার কোন সংস্করণে দলের পরিকল্পনায় থাকবেন, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রধান কোচ মাইক হেসনও মনে করেন, এ ব্যবস্থা ক্রিকেটারদের নিজেদের ভূমিকা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দেবে।

তবে কেন্দ্রীয় চুক্তি না পাওয়া মানেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। আকিব জাভেদ স্পষ্ট করেছেন, চুক্তির বাইরে থাকলেও রিজওয়ানসহ অন্যান্য ক্রিকেটাররা নির্বাচনের জন্য বিবেচিত হতে পারবেন। অর্থাৎ, তালিকা থেকে বাদ পড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ তাদের সামনে রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে বাস করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন যেসব অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


কুয়েতে বাস করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন যেসব অভিবাসী

অভিবাসীদের কাছে কুয়েত মূলত কর্মসংস্থানের দেশ হিসেবে পরিচিত। তবে কেবল জীবিকা নির্বাহের গন্তব্য হিসেবেই নয়, কুয়েতের নাম অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির জীবন ও কর্মজীবনের সঙ্গেও জড়িত।

কিছু মানুষের জন্ম হয়েছে এই দেশে, কেউ শৈশব ও কৈশোর কাটিয়েছেন এখানে, আবার কেউ এখান থেকেই শুরু করেছেন নিজের কর্মজীবন ও ব্যবসা। পরবর্তী সময়ে রাজনীতি, সাহিত্য, বিনোদন ও খেলাধুলায় তারা আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেছেন।

কুয়েতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের মানুষের বসবাস রয়েছে। দেশটির জনসংখ্যার একটি বড় অংশ প্রবাসী। কাজ, শিক্ষা কিংবা পারিবারিক কারণে কুয়েতে আসা এসব মানুষের মধ্যে অনেকেই পরবর্তীতে নিজেদের ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাদের কয়েকজনের জীবন ও সাফল্যের গল্পে কুয়েতের গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে।

রাজনীতি ও নেতৃত্বের ক্ষেত্রে কুয়েতের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। তিনি ১৯৭০ সালে কুয়েতে জন্মগ্রহণ করেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত রানিয়া কুয়েতে স্কুলজীবন কাটিয়েছেন। ১৯৯০ সালে ইরাকের আগ্রাসনের পর তার পরিবার কুয়েত ছেড়ে চলে যায়।

জর্ডানের রাজপরিবারে বিয়ে করেন রানিয়া। ১৯৯৯ সালে তিনি জর্ডানের রানি হন। শিক্ষা, শিশু অধিকার ও নারীর ক্ষমতায়নে তার আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা বিশেষভাবে পরিচিত।

ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের কর্মজীবনের শুরুর দিকেও কুয়েতের অধ্যায় রয়েছে। সেখানে তিনি প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। কুয়েতে অবস্থানকালেই ফাতাহ আন্দোলন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে তিনি ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে গতিরোধ গড়ে তোলেন। এই সময় যুবলীগ নেতার বাড়ির দেয়াল এবং কাচের গ্লাস ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপায়েত নগর এলাকায় হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নানুপুর কিপায়েত নগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিনের নাম জানা গেছে।

হামলায় আহত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজ উল্লাহ জানান, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদের অংশ হিসেবে বিকেলে আমরা মিছিল বের করে নানুপুর কিফায়েত নগরে পৌঁছালে সেখানে আগে থেকেই উৎপাতে থাকা যুবলীগ ও ছাত্রলীগের হেলমেট বাহিনীরা গুপ্তভাবে আমাদের উপর হামলা চালায়। এতে আমি এবং আমাদের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হই। হামলাকারীরা আমাদের মোটরসাইকেলও জ্বালিয়ে দেয়।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাঁরা বিভিন্ন স্থানে গতিরোধ গড়ে তোলেন। এই সময় অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের মাধ্যমে পরিকল্পিতভাবে মিছিলে হামলা চালানো হয়। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ২৭ বছরের কারাদণ্ড ভোগরত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো পেটের ব্যথার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকে কট্টর ডানপন্থী এই নেতা দীর্ঘ সময় ধরে পেটের সমস্যায় ভুগছেন।

এ খবরটি ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

তার ছেলে ও নবনির্বাচিত সিনেটর কার্লোস বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “তীব্র পেটব্যথার কারণে আমার বাবা আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।”

ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৭১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ‘অ্যাবডোমিনাল ডিসটেনশন’ বা পেট ফুলে যাওয়া সমস্যায় ভুগছেন এবং তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

২০২২ সালের নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে গত বছর বলসোনারো দোষী সাব্যস্ত হন।

তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বামপন্থী বিচারিক প্রতিহিংসার শিকার।

বারবার অসুস্থ হয়ে পড়ার কারণে গত মার্চ মাস থেকে তিনি ব্রাসিলিয়ায় গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করছেন।

কার্লোস বলসোনারো জানান, “তার স্বাস্থ্যের অবস্থা প্রতিদিনই অবনতি হচ্ছে।” বাবার চলাফেরার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রের পক্ষ থেকে কথিত ‘মানসিক নির্যাতন’কে এর জন্য দায়ী করেন তিনি।

বলসোনারো এবং অভ্যুত্থান ষড়যন্ত্রে দণ্ডিত অন্যদের সাজা কমানোর একটি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী ডিসেম্বরে ব্রাজিলের সুপ্রিম কোর্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

এদিকে, কার্লোসের বড় ভাই সিনেটর ফ্লাভিও বলসোনারো গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে লুলার কাছে পরাজিত হন।

পরাজয়ের পরদিনই অর্থপাচারের একটি তদন্তের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের এক বিচারপতি তার পাসপোর্ট জব্দের নির্দেশ দেন।

এরপর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে অবস্থান করেই তিনি নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%