১২:৩৯ পি.এম
চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর কালিপুরের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাড়ির সামনে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক।
চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী জানান, ভোর ৪টার দিকে ৩-৪ জন ব্যক্তি তার বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুকুরপাড়ের মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যান। বাড়িতে পরিবারের কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে বাড়ির সামনের কিছু অংশ পুড়ে গেছে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪ জন
খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন