০৭:৫০ পি.এম
বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তির ব্যবহারসহ শিক্ষায় মৌলিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গুরুত্বপূর্ণ। এর অংশ হিসেবে, জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশন’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় বিবৃতি উপস্থাপনকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব।
শিক্ষাসচিব বক্তব্যে উল্লেখ করেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইউনেস্কোকে এআই-নির্ভর কৌশল গ্রহণের প্রয়োজন। তবে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং বৈশ্বিক সুরক্ষার জন্য ইউনেস্কোর কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিসম্মত ব্যবহার নিশ্চিত ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া এখনই শুরু করা উচিত।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ছাত্রদলের ওপর হামলা, ১১ জন গ্রেপ্তার
তিনি সরকারের শিক্ষা সংক্রান্ত প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। শিক্ষাসচিব জানান, শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার জাতীয় শিক্ষাক্রমে ‘ক্রীড়া’কে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে, দেশব্যাপী অনুষ্ঠিত যুব ক্রীড়া প্রতিযোগিতায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে সফলভাবে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার পথে সব প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধ করাই প্রধান লক্ষ্য।
তিনি আরো উল্লেখ করেন যে, মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার ঘটানো এবং প্রাথমিক শিক্ষার ভিত সুদৃঢ় করতে জোর দেওয়া হচ্ছে।
একইসঙ্গে, জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি, স্কুল ফিডিং ও সামাজিক সুরক্ষা খাত জোরদার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) প্রসার এবং বিনামূল্যে শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে নারীর সার্বিক ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন