প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামের তিন যুবক মুক্তি পেয়েছেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের বেনাপোল ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
তাদের পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার উদ্দেশ্যে ২০২১ সালে দেশ ছাড়েন জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের সোনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (২০), জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (১৯) এবং রেজাউল করিমের ছেলে শাওন হাসান (১৮)। কিন্তু দালালের প্রতারণার কারণে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পূর্বেই ১০ আগস্ট দিল্লি বিমানবন্দরে তারা আটক হন। আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০২১ সালের অক্টোবর মাসে তিন যুবকের জন্য ৮ বছরের কারাদণ্ড হয়। পরে তাদের ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে পাঠানো হয়। ভারতের জেলে থাকার খবরটি প্রকাশিত হলে, তাদের পরিবার মুক্তির জন্য আইনি লড়াই শুরু করে। আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ৫ বছর ২ মাস কারাভোগের পর গত ১৩ নভেম্বর লখনৌ কারাগার থেকে মুক্তি পান শাওন হাসান, মমিন মিয়া ও মেহেদী হাসান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে পৌঁছান।
ভুক্তভোগী শাওনের বাবা রেজাউল করিম বলেন, "দীর্ঘ কারাভোগের পর আমার ছেলেসহ ৩ জন আজ দেশে ফিরেছেন। ইতোমধ্যে তারা বেনাপোল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।" তাদের ফেরার খবর জানার জন্য পরিবারসহ স্বজনরা অপেক্ষা করছেন। একই সঙ্গে তিন পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন