প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি করে এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করে।
নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান আজ বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ বিষয়ে তথ্য প্রদান করেন।
রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে সকালে প্রেসিডেন্টের গার্ড অব রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে শুভেচ্ছা পৌঁছাতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিজ চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁর দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন।
এছাড়া তিনি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল এবং কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য দামে প্রতিযোগিতামূলক ও উচ্চ মানসম্পন্ন।"
রাষ্ট্রপতি এ বছরের মার্চ মাস থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ার জন্য ভিয়েতনামকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য বৃদ্ধি করতে তাঁর দেশের ইতিবাচক উদ্যোগ গ্রহণের কথা জানান।
রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণসহ সুবিধাজনক খাতে বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা ব্যবস্থা সহজ করতে রাষ্ট্রদূতকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে।" তিনি রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় রাষ্ট্রপতি ভিয়েতনামের সমর্থন চান।
এ সময়ে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন