প্রিন্ট এর তারিখঃ ২৫শে নভেম্বর, ২০২৬ইং; ০৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ২৫শে নভেম্বর, ২০২৬ইং; ০৫:২৪ পি.এম
পিরোজপুরে শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু
রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে।
আজ বুধবার সকালে এ উৎসবের উদ্বোধন করা হয়।
প্রতিবছর রাস পূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়। সকালে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে সঙ্ঘের পতাকা উত্তোলনের পর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, পাঁচ দিনব্যাপী এ উৎসবে পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"