ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা


মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা কিংবা ভ্রাম্যমাণ আদালতের আদলে বিশেষ ভেস্ট পরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা, মানুষকে জিজ্ঞাসাবাদ ও জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে একটি কথিত মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মকাণ্ডের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংগঠনটি। অবশেষে জাতীয় মানবাধিকার কমিশনের তলবের পর নিজেদের কার্যক্রমের কোনো আইনি বৈধতা না থাকায় সংগঠনটি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে ‘মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা’ নামক একটি ব্যানারে আফরোজা আক্তার শোভা নামের এক নারীর নেতৃত্বে একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। প্রথম দেখায় তাদের পোশাক ও আচরণ দেখে আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা ম্যাজিস্ট্রেটের অভিযানের দল বলে বিভ্রান্তি তৈরি হতো। তারা প্রকাশ্যেই মানুষের সমস্যা সমাধান, পাওনা টাকা উদ্ধার এবং সালিশ করার নামে নানা কর্মকাণ্ড চালিয়ে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করত।
এসব কর্মকাণ্ড নিয়ে জনমনে বিভ্রান্তি ও তীব্র সমালোচনা শুরু হলে বিষয়টি রাষ্ট্রীয় সংস্থাগুলোর নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন সংগঠনটির প্রতিনিধিদের ডেকে পাঠায়। সেখানে তাদের পরিচালিত কর্মকাণ্ডের আইনি ভিত্তি যাচাই করা হয়।
এ ঘটনার পর গতকাল সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দেওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়, “জাতীয় মানবাধিকার কমিশন (সংবিধিবদ্ধ স্বাধীন রাষ্ট্রীয় কমিশন) থেকে মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থাকে ডেকেছিল। এ বিষয়ে আমাদের সংগঠনের কার্যক্রমগুলোর (ভেস্ট ব্যবহার করা, অভিযানে যাওয়া, সালিশ করা, অভিযোগ ও তদন্ত—এরূপ শব্দ ব্যবহার করা) কোনো ধরনের বৈধতা পাওয়া যায়নি বিধায় এই মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা থেকে এই মুহূর্তে অব্যাহতি নিলাম।”
একই পোস্টে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বৃহস্পতিবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বৃহস্পতিবার শুরু

দেশের সকল স্কুল, কলেজ এবং মাদরাসায় ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি ও আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২৬ নভেম্বর। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে অনলাইনে এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এই কর্মসূচির অধীনে ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি প্রদান করা হবে। অন্যদিকে, ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য এবং মেধার ভিত্তিতে উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

নির্দেশনার ভিত্তিতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে নির্ধারিত ফরমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে। এরপর প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।

তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। এছাড়া, উপদেষ্টা কমিটির সুপারিশকৃত শিক্ষার্থীদের তালিকা ট্রাস্টে পাঠাতে হবে ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে। নির্ধারিত সময়ের পর নতুন করে তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না।

যেভাবে আবেদন

সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এছাড়া, অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ এবং ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস ঘোরাতে হাজারো ভক্ত, মুখর রায়সাহেব বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


রাস ঘোরাতে হাজারো ভক্ত, মুখর রায়সাহেব বাড়ি

রায়সাহেব বাড়িতে তখন রাতের নিস্তব্ধতা ভেঙে গেছে। ঢাকের তালের সঙ্গে সমন্বয় করে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তদের মুখে হরিনাম উচ্চারণ। কারো হাতে পূজার সামগ্রী রয়েছে, আবার কেউ রাস ঘুরিয়ে প্রার্থনায় মগ্ন হয়ে আছেন।

সব মিলিয়ে হাজারো ভক্তের পদচারণায় মুখর পুরো এলাকা। এমন মুখরতায় রাস পূর্ণিমার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাস উৎসব শুরু হয় দিনাজপুর শহরের মুখর বাড়িটিতে।

বাড়িটিতে বিশেষভাবে প্রস্তুত রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করে ঘোরানো হয় রাস। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় এ সময় একে একে রাস ঘুরিয়ে প্রার্থনায় অংশ নেন ভক্তরা। বুধবার (২৫ নভেম্বর) রাতে শহরের গণেশতলায় অবস্থিত রায় সাহেব বাড়ির শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এ উৎসবের।

রাস উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। পূজা-অর্চনা ও আরতি চলতে থাকে বিকেল থেকেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের উপস্থিতি। দূর-দূরান্ত থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ দলে দলে এসে ভিড় করে মন্দির প্রাঙ্গণে।

মন্দির কর্তৃপক্ষ সূত্র জানায়, রাস পূর্ণিমা ঘিরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। পূজা, আরতি, নামসংকীর্তন ও রাস ঘোরানোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

উৎসবে আসা দিথী গাঙ্গুলীর ভাষ্য, "প্রতিবছরই এখানে (রায় সাহেব বাড়ি) আসা হয়। রাস পূর্ণিমায় এখানে এসে পূজা দিতে পারলে মনে প্রশান্তি আসে। সংসার ও পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি।"

দিলীপ কুমার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই রাস উৎসব দেখে আসছি। আগে পরিবারের বড়দের সঙ্গে আসতাম, এখন নিজের সন্তানদের নিয়ে আসি। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চাই।’

নবমিতা রায় বলেন, ‘প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে এসে পূজা দিয়ে থাকি এবং রাস ঘুরিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি।’

আয়োজক কমিটির আহ্বায়ক সুশীল চন্দ্র দাস বলেন, ৩২ বছর ধরে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসবের আয়োজন চলে আসছে। প্রতিবছর হাজারো ভক্তের অংশগ্রহণে এ উৎসব উদ্‌যাপন করা হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা রাস পূর্ণিমায় পূজা-অর্চনার মাধ্যমে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

আন্তর্জাতিক ডেস্ক

মো:আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি, খুলনা

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ১৮ বছর আগে সীমান্ত পাড়ি দিয়েছিলেন বাগেরহাটের মোংলা উপজেলার যুবক বাদল ফরাজী। কিন্তু নামের মিলের কারণে বিনা অপরাধে হত্যামামলার আসামি হয়ে হারিয়ে ফেলেন জীবনের সোনালি ১৮টি বছর। অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়ে মায়ের কোলে ফিরেছেন তিনি।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বাদল ফরাজীকে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাত ১২টায় মোংলায় নিজ বাড়িতে পৌঁছান তিনি। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা। আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো বাড়িতে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই মোংলার বাসিন্দা আব্দুল খালেক ফরাজীর ছেলে বাদল ফরাজী পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল আগ্রার তাজমহল দেখা। কিন্তু সীমান্ত পার হওয়ার পরপরই ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে 'বাদল সিং' নামের এক হত্যামামলার আসামি মনে করে আটক করে।

স্বজনদের দাবি, দিল্লিতে যে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনা ঘটেছিল বাদলের ভারতে প্রবেশের দুই মাস সাত দিন আগে। ফলে ওই ঘটনার সঙ্গে তার কোনোভাবেই সম্পৃক্ততা থাকার সুযোগ ছিল না। তবুও আইনি জটিলতায় ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ২২ আগস্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। তবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও দমে যাননি বাদল; ভারতের তিহার কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।


২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদল ফরাজীকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে নিজ দেশে ফিরলেও আইনি জটিলতায় মুক্তি মেলেনি তার। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরবর্তীতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয় তাকে।

গত ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্রক্রিয়া শুরু হয় এবং ১৬ নভেম্বর চার সপ্তাহের (২৮ দিন) প্যারোল কার্যকরের জন্য গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান তিনি।


দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর ভাইকে কাছে পেয়ে আবেগাপ্লুত বোন আকলিমা বেগম বলেন, "আমার ভাই বিনা দোষে জীবনের ১৮টি বছর হারিয়েছে। আমাদের একটাই চাওয়া, তাকে যেন আর কখনো কারাগারের চারদেয়ালে ফিরে যেতে না হয়। সাময়িক এই মুক্তি যেন স্থায়ী মুক্তির পথ তৈরি করে।"

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, "দীর্ঘ ১৮ বছর পর বাদল ফরাজীর পরিবারের কাছে ফেরার বিষয়টি অত্যন্ত আবেগঘন ও মানবিক। প্যারোলের শর্ত ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার স্থায়ী মুক্তির বিষয়টি সমাধান হোক, সেটিই আমরা প্রত্যাশা করি।"

বর্তমানে স্বজনদের ভালোবাসায় সিক্ত হলেও ২৮ দিনের প্যারোল শেষে কী হবে, তা নিয়ে শঙ্কা কাটছে না পরিবারটির। বাদল ফরাজী যেন এবার স্থায়ীভাবে মুক্ত জীবনে ফিরতে পারেন—সরকারের কাছে এমনটাই দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন গ্রেফতার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পৃথক অভিযানের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে, যারা ছিনতাইয়ের চেষ্টা করছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. শাহেদ ওরফে পিন্টু (২৬), মো. ইমন খান (২২) এবং মো. হানিফ শিকদার (২৪)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে শাহেদ ওরফে পিন্টুকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, আজ ভোরে একই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে ইমন খান ও হানিফ শিকদারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%