বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৫ পি.এম
দেশের ১০টি অঞ্চলে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুদকের করা দুর্নীতি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী ২৫ নভেম্বর তদন্ত কর্মকর্তার অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম তথ্যটি নিশ্চিত করেন।
মামলায় ৫১ জন সাক্ষীর মধ্যে ৪৮ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। তবে আসামি বেনজীরের পলাতক অবস্থার কারণে সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। মামলায় উল্লেখযোগ্য সাক্ষীদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ, চাঁদপুরের হাজীগঞ্জের সাব-রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমান, নওগাঁর মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ভোলার চরফ্যাশনের সাব-রেজিস্ট্রার কাওসার খান, বন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম এবং বাড্ডার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম।
এর আগে, গত ৮ মার্চ মামলার চার্জশিট গ্রহণ করে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত ৩ মে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বেনজীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করেন হাফিজুল ইসলাম।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মেলে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন। বেনজীর আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশব্যাপী লকডাউন কর্মসূচি, যা আওয়ামী লীগের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে, এর মধ্যেও পদ্মা সেতুর যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন ধরনের যানবাহন, যেমন দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক, নির্বিঘ্নে সেতু পারাপার করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা কম ছিল। আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীরা পদ্মা সেতুর দুই প্রান্তসহ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিলেন, যাতে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ এড়ানো যায়।
পদ্মা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৬ হাজার ২০৬টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ের মধ্যে টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী লেনে ২ হাজার ৩১৭টি যানবাহন পারাপার হয়েছে এবং এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩২ লাখ ৯ হাজার ২০০ টাকা। অন্যদিকে, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী লেনে ৩ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায়ের পরিমাণ ৫৪ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা।
এর আগে, বৃহস্পতিবার দিবাপূর্ব রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৪ হাজার ৭৭৫টি যানবাহন পারাপার হয়েছিল এবং তখন টোল আদায় হয়েছিল ৭১ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। পরবর্তী পাঁচ ঘণ্টায় আরও ১ হাজার ৪৩১টি যানবাহন পারাপার হয়। আজ সকাল থেকে দুপুর ও বিকেল পর্যন্ত সেতুর দুই প্রান্তের টোল প্লাজা এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। কোথাও সড়কে যান চলাচলে বাধা বা স্থবিরতার খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের উভয়মুখী লেনে যানবাহনের উপস্থিতিও বৃদ্ধি পেতে থাকে।
লকডাউন কর্মসূচির কারণে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি ঠেকাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। তারা টানা দুই দিন ধরে এসব এলাকায় পাহারা দিচ্ছেন। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সাঈদ আহমেদ আসলাম বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।"
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল আদায় ও যানবাহন পারাপারের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সাধারণ যাত্রী, পথচারী ও যানবাহন চালকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম পদ্মা সেতুতে লকডাউন কর্মসূচির মধ্যেও যানবাহন চলাচল ও টোল আদায় স্বাভাবিক থাকায় সেতুর সার্বিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বুধবার সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানার সাদাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আমানুজ্জামান আমানের বয়স ২৪ বছর। তিনি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালান। এ সময় অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানের সংবাদ প্রকাশের পর সাংবাদিক আব্দুল বারী দুলালকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এরপর গত ২ অক্টোবর সন্ধ্যায় উমর বাজারে সাংবাদিক দুলালের পথরোধ করে হামলা চালান আসামিরা। হামলার সময় কয়েকজন তাঁর গলা চেপে ধরেন এবং হাত আটকে রাখেন। পরে ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় সাংবাদিক আব্দুল বারী দুলাল হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আমানুজ্জামান আমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, "আমান এ মামলার এক নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ তোহা ও রাহাত মৃধার নেতৃত্বে নেতা-কর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬), নাঈম (১৬) ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ১২ জনকে আদালতের বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ