১০:৩৯ পি.এম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ স্বপদে বহাল থাকছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৭ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে তার বদলি ও নিয়োগসংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে বাহিনীতে চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে, অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাহিনীর সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সদস্যদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল করা, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। এছাড়া, মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বাড়ানো এবং স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন করা হয়েছে। প্রশিক্ষণব্যবস্থা যুগোপযোগী করার উদ্যোগও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
এছাড়া, সদস্যদের পদকের সংখ্যা বৃদ্ধি, তাদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ এবং সাধারণ ক্ষমার আওতায় চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ সৃষ্টি এবং আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণও এসব উদ্যোগের অংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মহাপরিচালকের নেতৃত্বের ধারাবাহিকতা বাহিনীর চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে, সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ।
দেশের জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকা আরো কার্যকর করতে বাহিনীকে আধুনিক, দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তা রয়েছে।
মহাপরিচালক স্বপদে বহাল থাকায় বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সদস্যকল্যাণের পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ আরো গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই তরুণের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন