প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে আবারও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেছেন।
এই উৎসবের লক্ষ্য হলো এশিয়ার বৈচিত্র্যময় চলচ্চিত্রকে বিশ্বব্যাপী দর্শক এবং হলিউডের সামনে পরিচিত করা। ‘স্নো লেপার্ড’ এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা।
পূর্বে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো খ্যাতিমান অভিনেত্রীরা এই পুরস্কার পেয়েছেন। এবার সেই সম্মানজনক তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।
‘রইদ’ সিনেমার জন্য এটি নাজিফা তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে তিনি কানাডার ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
তুষি তার এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে তিনি কাজের প্রতি নিষ্ঠাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।”
শুধুমাত্র অভিনয়ের স্বীকৃতি নয়, নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’তে স্থান করে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।
এছাড়া, সিনেমাটি সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।
‘রইদ’-এর প্রধান দুই চরিত্রে নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। এছাড়াও গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন