প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। রাস পূর্ণিমা উপলক্ষে দেশ ও বিদেশের হাজারো পুণ্যার্থী, পর্যটক ও দর্শনার্থী সেখানে সমাগম করেছেন। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে ১০ হাজারের বেশি পুণ্যার্থীর সমাগম ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভক্তরা বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান করেন। এরপর তারা রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, ভজন-কীর্তন ও আলোকসজ্জায় উৎসবস্থলে ধর্মীয় আবহ তৈরি হয়েছে।
লোককথা ও স্থানীয় ইতিহাস অনুযায়ী, কয়েক শতাব্দী আগে হরিভজন নামের এক সাধু দুবলার চরে রাসপূজার সূচনা করেন। সময়ের সঙ্গে এই ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। তবে গত দুই বছর ধরে উৎসবে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা লঞ্চ, ট্রলার ও অন্যান্য নৌযানে করে সুন্দরবনের নদীপথ পাড়ি দিয়ে দুবলার চরে পৌঁছান। তাদের যাতায়াতের জন্য বন বিভাগ আগেই নির্ধারিত নৌপথ ও রুট ঘোষণা করেছে।
উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চরের প্রবেশপথ, ঘাট ও আশপাশের জলসীমায় চলছে টহল। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত রুট অনুসরণ, বনের ভেতরে প্রবেশ না করা এবং প্লাস্টিক-পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন জানিয়েছেন, শতবর্ষী এই রাস উৎসব উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের একটি অনন্য ঐতিহ্য। ভোর থেকেই হাজারো পুণ্যার্থী শান্তিপূর্ণভাবে পুণ্যস্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় কোনো বিশৃঙ্খলা ছাড়াই উৎসব চলছে। পুণ্যার্থীদের সহযোগিতার পাশাপাশি সুন্দরবনের পরিবেশ রক্ষায় তার সংগঠন কাজ করছে।
বন বিভাগের দুবলা ইনচার্জ খলিলুর রহমান বলেছেন, এবারে দুবলার চরের আলোর কোলে ১০ হাজারের বেশি পুণ্যার্থীর সমাগম ঘটেছে। উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুণ্যার্থীদের চলাচল ও বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি রাখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন