প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্দোনেশিয়ার নৌবাহিনী একটি বিদেশি জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ করেছে, যা বাংলাদেশে আসছিল। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়। সোডিয়াম পারক্লোরেট একটি অত্যন্ত শক্তিশালী জারক পদার্থ হিসেবে পরিচিত।
শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, জাহাজটি চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল। এ সময়, ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে তারা সেটির সঙ্গে যোগাযোগ করেন।
পরে, জাহাজটির নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় কেআরআই সিগালুর কমান্ডার কোডারেল-১-এর সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে তল্লাশির উদ্যোগ নেন। ডেনি সেপ্টিয়ানা আরও জানান, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল, যার মধ্যে ১৫টি কনটেইনারে কৌশলগত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন। এটি একটি শক্তিশালী অক্সিডাইজার এবং রকেট প্রপেলান্ট ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে। নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত থাকলেও এর বৈধতার অবস্থা স্থগিত (সাসপেন্ডেড) হিসেবে শনাক্ত হয়েছে।
ডেনি জানান, জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
সূত্র : ওয়াসপাড.আইডি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন