০৯:০১ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ ঢাকা মহানগরী বিশেষ করে নির্ধারিত নীরব এলাকার ক্ষেত্রে স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন করা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে রোববারের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক এবং নাগরিকবান্ধব করার লক্ষ্যে ডিএমপি এই মতবিনিময় সভাটি আয়োজন করে।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
এ সভায় মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিক সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, "শব্দদূষণ শুধু পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা।" তিনি নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করার আহ্বান জানান।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন